ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৮, ২২ অক্টোবর ২০২৬
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হাফিজ উদ্দিন
ভোলায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।

বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, যেখানে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, অনেকের অর্থসম্পদ না থাকলেও সমাজে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এসব ব্যক্তির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য সাধারণ মানুষ যাতে সহজে নির্বাচনে অংশ নিতে পারেন, নির্বাচন কমিশনকে সে ধরনের কার্যকর পদ্ধতি প্রণয়ন করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, গত ১৭ বছরে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা প্রয়োজন।

ভোলার প্রাকৃতিক গ্যাসের প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জেলাটিতে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে ভোলার মজুতের তুলনা করলে এখানে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ভোলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে গ্যাসের সংকটে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের গ্যাস পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। এ বিষয়ে তিনি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান স্পিকার।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
ট্যাগ: ভোলা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!