ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত স্বামী-সন্তান
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় জুথি আক্তার (২২) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী সন্তান জায়ান আহমেদ। মঙ্গলবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুথি আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা গ্রামের হুমায়ূন মিয়ার মেয়ে। স্বামী ও সন্তানকে নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টি.এ পরিবহনের একটি বাস পীরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী জুথি, তার স্বামী ও সন্তান আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।