কথাসাহিত্যিক হুমায়ূনের ৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল
মৃত্যু থামাতে পারেনি তাঁর সৃষ্টির আবেদন, সময় মুছে দিতে পারেনি পাঠকের হৃদয়ে তাঁর অবস্থান। উপন্যাসের চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প কিংবা গানের কথায় আজও সমানভাবে জীবন্ত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর প্রতি পাঠক-দর্শকের ভালোবাসা যে একটুও কমেনি, তারই প্রতিচ্ছবি দেখা গেল ৭৮তম জন্মদিনে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে প্রিয় লেখকের সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন বয়সী পাঠক, লেখক ও ভক্তরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে তাঁর প্রিয় আবাসস্থল।
শুক্রবার সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত নুহাশ পল্লীতে গিয়ে দেখা যায়, প্রিয় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। কেউ তাঁর লেখা গান গাইছেন, কেউ কবিতা আবৃত্তি করছেন, আবার কেউ তাঁর সাহিত্যকর্ম ও স্মৃতিচারণায় মগ্ন। এ সময় হিমু পরিবহনের সদস্যরাও দলবেঁধে এসে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নুহাশ পল্লী।
হুমায়ূন আহমেদের ভক্ত মনিকা বলেন, ‘হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো আজও আমাদের ভালো লাগে। তাঁর জন্মদিনে স্মৃতিগুলো ধরে রাখতে নুহাশ পল্লীতে এসেছি। তিনি এখানে বসেই বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন।’
পাঠক শাহিনুর বলেন, ‘আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্মৃতিগুলো এখানে এখনো দৃশ্যমান। তাঁর অনেক বই পড়ার সুযোগ হয়েছে আমার। তাঁর স্মৃতি ধরে রেখেই বাংলা সাহিত্য যুগ যুগ বেঁচে থাকবে।’
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘স্যার মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের হৃদয়ে তাঁর অবস্থান নুহাশ পল্লীতে আসা দর্শনার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে প্রতীয়মান হয়। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে অনেক মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। নুহাশ পল্লীকে ঘিরে দর্শনার্থীদের প্রত্যাশা পূরণে আমরা চেষ্টা করি।’
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে সাহিত্যজগতে পরিচিতি পান তিনি। এরপর উপন্যাস, ছোটগল্প, নাটক, চলচ্চিত্র ও গানের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তৈরি করেন স্বতন্ত্র অবস্থান। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকের কাছে জনপ্রিয়। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক। পরে তাঁর প্রিয় আবাসস্থল গাজীপুরের নুহাশ পল্লীতেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর প্রয়াণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বই, নাটক ও চলচ্চিত্রের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছেও সমানভাবে সমাদৃত তিনি। জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের উপস্থিতি আবারও জানিয়ে দিল, সৃষ্টির মধ্য দিয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকেন হুমায়ূন আহমেদ।