ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ২২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক নিহত
মিরসরাইয়ে নিহত নির্মাণ শ্রমিক বোরহান উদ্দিন। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন একটি তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে ঢালাই করা একটি বাড়ির সীমানাপ্রাচীরের ওপর নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার কাজ করছিলেন বোরহান। এ সময় হঠাৎ তোরণের ছাদ ধসে পড়লে তিনি প্রায় ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইয়াকুব নবী বলেন, দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!