ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নাতিকে হত্যা, বাবাকে কুপিয়ে জখম: ছেলের মৃত্যুদণ্ড
জমি লিখে নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ১১ বছর বয়সী ছেলেকে জবাই করে হত্যা এবং বাবাকে কুপিয়ে গুরুতর জখমের মামলায় ছেলে মো. শাহ আলমকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মো. সোহাগ (২৮) নামে অপর এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ পাড়ার বাসিন্দা শাহাদৎ সর্দার (৫৭) ঝলমলিয়া বাজারে বীজের ব্যবসা করতেন। তার ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাবার কাছে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে বসতবাড়ির ভিটা থেকে আট শতক জমি লিখে দিলেও বাকি জমি নিয়ে বাবার সঙ্গে তার বিরোধ তৈরি হয়।
এর জেরে ২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে দস্তানাবাদে নিজেদের বাড়িতে শাহ আলমের প্রথম স্ত্রীর ১১ বছর বয়সী ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়।
এরপর রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির মূল ফটকের সামনে বাবা শাহাদৎ সর্দারের ওপর হামলা চালান শাহ আলম। ধারালো হাসুয়া দিয়ে তার মাথা ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ সর্দার তার মেয়ে মোসা. সীমা বেগমের মাধ্যমে নাটোর সদর থানায় হত্যা ও হত্যাচেষ্টার মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত শাহ আলমকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বাবাকে হত্যাচেষ্টার দায়ে ৩০৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে দণ্ডবিধির ৩০২/১০৯ ধারায় মো. আশরাফের ছেলে মো. সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি পলাতক মো. মিন্টুকে (৩৬) খালাস দিয়েছেন আদালত।