ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডলারে অতিরিক্ত মুনাফা: ৬ ব্যাংকের এমডিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৮, ১৮ আগস্ট ২০২২
ডলারে অতিরিক্ত মুনাফা: ৬ ব্যাংকের এমডিকে শোকজ
৬ ব্যাংকের লোগো

ট্রেজারি-প্রধানদের অপসারণের নির্দেশনার পর এবার অতিরিক্ত মুনাফার জন্য ডলারের বাজার অস্থিতিশীল করার অভিযোগে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। 

বুধবার ৬ ব্যাংকের এমডির কাছে শোকজ লেটার পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর বিরুদ্ধে নিজেদের কাছে ডলার রেখে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোতে বিশেষ পরিদর্শন করে। পরিদর্শনে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা কারসাজির তথ্য পাওয়া যায়। এরই ভিত্তিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, শুধু ৬টি ব্যাংক নয়, প্রতিটি ব্যাংকই আমাদের নজরদারিতে রয়েছে। প্রতিটি ব্যাংকে ইন্সপেকশন করা হবে। যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এর আগে এই ৬ ব্যাংকের ট্রেজারি-প্রধানদের অপসারণের নির্দেশ দিয়ে প্রত্যেক ব্যাংকে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!