ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
ছবি সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে থাকা কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো- অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নিয়োগ বাতিল হওয়া তিন কর্মকর্তা হলেন— অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্টদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় বিধিগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মো. আনোয়ারুল ইসলাম ২০২৪ সালের ৩ নভেম্বর অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন। এর আগে ২১ অক্টোবর তাকে তিন বছরের জন্য ব্যাংকটির শীর্ষ নির্বাহী পদে নিয়োগ দেওয়া হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের সিদ্ধান্তে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হলো। সম্প্রতি অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হয়। কয়েকজন পরিচালককে প্রত্যাহার করে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 

একই প্রজ্ঞাপনের আওতায় বেসিক ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়েছে। অপরদিকে, বিডিবিএলের এমডি ও সিইও মো. জসীম উদ্দিনের নিয়োগও বাতিল করা হয়েছে। তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর বিডিবিএলের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নেন।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!