ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম

প্রথম দিনে ৬ হাজার গ্রাহক তুললেন ২৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    
প্রকাশিত: ০১:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দিনে ৬ হাজার গ্রাহক তুললেন ২৫০ কোটি টাকা
সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ছয় হাজার গ্রাহক তাদের আমানতের প্রায় ২৫০ কোটি টাকা তুলে নিয়েছেন। তবে আবেদনকারীর সংখ্যা ও প্রত্যাশার তুলনায় প্রথম দিনে উত্তোলনের পরিমাণ কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একীভূত হওয়া ব্যাংক পাঁচটি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। পাঁচ ব্যাংক একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকগুলোর মোট শাখা রয়েছে ৭৬১টি।

Advertisement

ব্যাংক সূত্রে জানা গেছে, আমানতের অর্থ ফেরত পেতে এখন পর্যন্ত প্রায় ৭৫ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের দাবির পরিমাণ প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

সম্মিলিত ইসলামী ব্যাংকে ৪ হাজার কোটি টাকা ফেরত চেয়ে ৭৫ হাজার আবেদন
আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়। পরে সোমবার সকালে চাহিদা অনুযায়ী বিভিন্ন শাখায় ওই অর্থ পাঠানো হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে ব্যাংকে আটকে থাকা আমানতের টাকা তুলতে সকাল থেকেই গ্রাহকরা শাখাগুলোতে আসছেন। অনেকেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে স্বাভাবিকভাবেই টাকা উত্তোলন করতে পেরেছেন।

দীর্ঘদিন পর নিজেদের জমা অর্থ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন গ্রাহকরা। একই সঙ্গে টাকা উত্তোলনের সুযোগ চালু হওয়ায় ব্যাংকগুলোর কার্যক্রমে তৈরি হওয়া অচলাবস্থা কাটতে শুরু করেছে বলেও মনে করছেন তারা।

মতিঝিলে এক্সিম ব্যাংকের এক শাখায় টাকা তুলতে আসা এক গ্রাহক বলেন, দীর্ঘদিন ধরে নিজের জমা টাকা তুলতে না পারায় দুশ্চিন্তায় ছিলাম। আজ টাকা হাতে পেয়েছি। এতে অনেকটাই স্বস্তি লাগছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান বলেন, আমানত উত্তোলনের জন্য এসে কোনো গ্রাহক ফেরত যাবেন না। যারা টাকা তুলতে আসবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, গ্রাহকদের আবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে আমানতের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলবে।

ডেইলি-বাংলাদেশ/এস এস
লিংক সফলভাবে কপি হয়েছে!