তিন দিনের সফরে ঢাকায় এসেছেন হাবিব ব্যাংকের (এইচবিএল) চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম। গতকাল সোমবার তারা ঢাকায় এসেছেন বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সফরকালে তারা নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা এবং সরকারি-বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশের সঙ্গে চীন, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারগুলোর অর্থনৈতিক সংযোগ আরও শক্তিশালী করাই এ সফরের অন্যতম লক্ষ্য।
.png)
বাংলাদেশে এইচবিএলের কার্যক্রমের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উদযাপন অনুষ্ঠানেও অংশ নেবেন ব্যাংকটির চেয়ারম্যান ও সিইও। গত পাঁচ দশকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি দেশে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এইচবিএল।
বর্তমানে এইচবিএল বাংলাদেশ মূল্যবান গ্রাহকদের জন্য আরএমবি বা সিএনওয়াই মুদ্রায় হিসাবসেবা দিচ্ছে। ব্যাংকটির দাবি, দক্ষিণ এশিয়া ও মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) অঞ্চলের তিনটি ব্যাংকের অন্যতম হিসেবে তারা চীনে পূর্ণাঙ্গ আরএমবি মধ্যস্থতা সেবা দিয়ে থাকে। এর ফলে বৈদেশিক বাণিজ্য ও আর্থিক প্রবাহে সহায়তার পাশাপাশি চীনের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।