ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

হুন্ডিতে রেমিট্যান্স আসায় ২৩০ হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২০, ১৭ নভেম্বর ২০২২
হুন্ডিতে রেমিট্যান্স আসায় ২৩০ হিসাব জব্দ
ফাইল ফটো

অবৈধ হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর দায়ে বিকাশ, রকেট ও নগদের ২৩০টি হিসাব জব্দ করেছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বিএফআইইউ।

সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, এসব হিসাব থেকে গ্রাহক টাকা জমা বা উত্তোলন করতে পারবে না। তবে ভবিষ্যতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাবে এমন প্রতিশ্রুতি দিলে হিসাবগুলো খুলে দেওয়া হবে। হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স প্রতিরোধে নতুন কৌশল নিয়েছে বিএফআইইউ। 

এর আগে, বুধবার বিকাশ, রকেট ও নগদসহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি এমএফএস প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত চিঠি দেয়  বিএফআইইউ। এসময় বেশ কয়েকটি এমএফএস এজেন্টসহ ২৩০ হিসাব জব্দ করা হয়।  

Advertisement

এদিন বিএফআইইউ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে (হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে) প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়।

আপনাদের অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ করুন, দেশ গড়ায় মূল্যবান অবদান রাখুন এবং আপনার প্রিয়জনকে ঝুঁকি মুক্ত ও নিরাপদ রাখুন।

অবৈধ পথে রেমিট্যান্স প্রেরণের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে বিএফআইইউ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে নানা উদ্যোগ নিয়েও রেমিট্যান্স বাড়াতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। চলতি ২০২২-২৪ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ১৫২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অংক গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!