ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

৭০ টাকায় বেগুন বিক্রি করতে গিয়ে খসলো হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ২৬ মার্চ ২০২৩
৭০ টাকায় বেগুন বিক্রি করতে গিয়ে খসলো হাজার টাকা
ফাইল ফটো

রমজানে অসাধু ব্যবসায়ীদের ধরতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রাজধানীর নিউমার্কেটে অভিযান চালায় সংস্থাটি। এ সময় ৭০ টাকা কেজি দরে বেগুন বিক্রি করায় এক দোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (দ্বিতীয় রোজায়) নিউমার্কেটের কাঁচাবাজার, মাছবাজারসহ মুরগির বাজারে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, দ্রব্যসামগ্রী সরবরাহে কোনো প্রকার কমতি নেই। তবে ব্যবসায়ীরা যেন ইচ্ছেমতো দাম নির্ধারণ করতে না পারেন সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এই রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সারাদেশে আমাদের তদারকি চলছে। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের চারটি এবং আমাদের সাতটি টিম একযোগে কাজ করছে। এর বাইরে সারাদেশে ৬৫টি টিম কাজ করছে।

Advertisement

তিনি আরো বলেন, বাজার কমিটিকে দায়বদ্ধতার মধ্যে আনা হবে। বাজারে কোনো অনিয়ম হলে তারা ছাড় পাবেন না।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, নিউমার্কেট বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. বাদল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!