ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, সাক্ষাৎকার দিতে এসে আটক ১ 

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪০, ২ ডিসেম্বর ২০২১
জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, সাক্ষাৎকার দিতে এসে আটক ১ 
আটক শিক্ষার্থীর নাম মোস্তফা কামাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে চান্স পাওয়া এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) সাক্ষাৎকার দেয়ার সময় তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক শিক্ষার্থীর নাম মোস্তফা কামাল (১৯)। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার তাড়ুটিয়া গ্রামে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে জালিয়াতির মাধ্যমে চান্স পাওয়া মোস্তফা কামালের ভর্তি পরিক্ষার মেরিট পজিশন ছিল ৩০০ তম।

জিজ্ঞাসাবাদে মোস্তফা কামাল জানায়, মেহেদী নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে তার দুই বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ৭৯ ও ২৪৯তম হয়। তাদের মাধ্যমেই মেহেদীর সাথে মোস্তফার পরিচয় হয়। পরবর্তীতে মেহেদী ৪ লাখ টাকার বিনিময়ে মোস্তফাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেয়ার চুক্তি করে। মেরিট পজিশন আসার পর পুরো টাকা তাকে পরিশোধ করেছে বলেও জানিয়েছে মোস্তফা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে তাকে আটক করি। সে তার অপরাধ স্বীকার করেছে। আমরা গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারকে অবগত করে তাকে প্রক্টর অফিসে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে। পরবর্তীতে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবে। পাশাপাশি জালিয়াত চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

পরে থানায় মামলা করে মোস্তফা কামালকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া শুরু হয়। এদিন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই ইউনিটের সাক্ষাৎকার নেয়া হবে। পরদিন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ, সি, ডি, এফ, জি, এইচ এবং আই ইউনিটের বাকি ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেয়া হবে।

সাক্ষাৎকারের সময়ে ভর্তিচ্ছুদের বিভাগ পছন্দক্রমের ফরম পূরণ করে সঙ্গে আনতে হচ্ছে।

অন্যদিকে গত ২৮ থেকে ৩০ নভেম্বর সি১ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়। আর চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৮ নভেম্বর।

এর আগে গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ ও ২২ নভেম্বর। পুরো ভর্তি পরীক্ষায় একজনকে প্রক্সি দেয়ার জন্য ও আরেকজনকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতি করার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!