ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবিতে অনশনস্থলে শিক্ষার্থীদের মেডিকেল সেবা বন্ধ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ২৫ জানুয়ারি ২০২২
শাবিপ্রবিতে অনশনস্থলে শিক্ষার্থীদের মেডিকেল সেবা বন্ধ
ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা

ভিসি পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য অনশনস্থলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল টিম নিয়োজিত করা হয়েছিল তারা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন।

গতকাল রাত আড়াইটার দিকে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এ তথ্য জানায়। 

আন্দোলনরত শিক্ষার্থীদের এক মুখপাত্র আরিফুল ইসলাম চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, অনশনরত শিক্ষার্থীদের সবার অবস্থার অবনতি হচ্ছে এবং তারা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তারা সবাই খিঁচুনি, ব্লাডে অক্সিজেন ও সুগার লেভেল কমে যাওয়া, ব্লাড প্রেশারসহ নানা শারীরিক জটিলতায় পড়ছেন। তারা অর্গান ড্যামেজের ঝুঁকিতে আছেন।

Advertisement

তিনি আরও বলেন, অনশনকারীদের মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করে সিনিয়র চিকিৎসকরা আরও জানিয়েছেন, অনশন দীর্ঘায়িত হলে যেকোনো মুহূর্তে হার্ট ফেইলিওরসহ কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। কেন এই শিক্ষার্থীরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসেও মেডিকেল সাপোর্ট পাচ্ছেন না তা নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন।

ওসমানী মেডিকেল কলেজের এক চিকিৎসক স্বেচ্ছাসেবক হিসেবে অনশনরত শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছেন এবং গুরুতর অসুস্থ রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সও আছে বলে আন্দোলনকারীদের এক মুখপাত্র সাংবাদিকদের জানান।

গত ১৩ জানুয়ারি হল প্রভোস্টের পদত্যাদের দাবিতে উদ্ভূত আন্দোলনের জেরে পরবর্তীতে ভিসি পদত্যাগের আন্দোলনে রুপ নেয়। গত তেরো দিন যাবৎ আন্দোলনের ফলে ক্যাম্পাসে এক অশান্তির পরিবেশ বিরাজ করছে। এদিকে গত বুধবার দুপুর পর্যন্ত ভিসিকে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। ঐ সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। গণ অনশনের অংশ হিসেবে নতুন করে আরো ৫ জন শিক্ষার্থী অনশন শুরু করেছেন। ভিসি পদত্যাগ না করলে তারা অনশন চালিয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!