ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবিকে পেছনে ফেলে দেশসেরা শেকৃবি

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২২
ঢাবিকে পেছনে ফেলে দেশসেরা শেকৃবি
ছবি: সংগৃহীত

‘এডি সায়েন্টিফিক ইনডেক্স- ২০২২’ এ দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষস্থান রয়েছে রাজধানীর রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এর পরের অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই হিসেবে এশিয়া অঞ্চলে শেকৃবির অবস্থান ৫১৮ এবং বিশ্বে ১৭৯১তম।

সম্প্রতি বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও গুগলে সাইটেশনের উপর ভিত্তি করে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ এর ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য জানা যায়।

২১৬টি দেশের ১৪ হাজার ২৯৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য-উপাত্ত নিয়ে সম্প্রতি ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ তাদের ওয়েবসাইটে এই র‌্যাংকিং প্রকাশ করেছে।

Advertisement

র‌্যাংকিং অনুযায়ী দেশের মধ্যে শীর্ষ স্থানে আছে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে আছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, চতুর্থ স্থানে খুলনা বিশ্ববিদ্যালয়, পঞ্চম স্থানে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ৬ষ্ঠ স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সপ্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অষ্টম ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং নবম স্থানে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

এ তালিকায় বিশ্বে যথারীতি প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি।

এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্বে যার অবস্থান ৬৭তম। এছাড়া দ্বিতীয় স্থানে হংকংয়ের চাইনিজ বিশ্ববিদ্যালয় (৭২) এবং তৃতীয় স্থানে হংকং বিশ্ববিদ্যালয় (৮২)।

এর আগে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১’ এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ তালিকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্মিলিতভাবে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, এ বছর বিশ্বের ২১৬টি দেশের ১৪ হাজার ২৯৪টি বিশ্ববিদ্যালয়ের গত পাঁচ বছরের বিভিন্ন বৈজ্ঞানিক উপাত্ত ও গুগল সাইটেশনের ওপর ভিত্তি করে মোট ৯টি প্যারামিটার ব্যবহার করে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ তাদের ওয়েবসাইটে এ র‌্যাংকিং প্রকাশ করেছে।

এক নজরে শেকৃবি: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। শেরে বাংলা এ কে ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ‘বেঙ্গল কৃষি ইনষ্টিটিউট’ প্রতিষ্ঠা করেন, যা তত্কালীন সময়ে এই অঞ্চলের প্রথম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। ২০০১ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীত করেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। উচ্চতর কৃষি শিক্ষার বিস্তারের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য এবং পাশাপাশি কৃষি বিজ্ঞান ক্ষেত্রের গবেষণা, এর যথাযথ প্রচার ও প্রসার করার জন্য এই বিশ্ববিদ্যালয় বিশেষ অবদান রেখে চেলছে। শেকৃবি ক্যাম্পাসটি ৮৬.৯২ একর অর্থাৎ ৩৫.১৯ হেক্টর জমির উপর অবস্থিত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!