সশরীরে ক্লাস বন্ধ থাকলেও সশরীরে পরীক্ষা নিতে পারবে বিভাগগুলো। এছাড়া হল এবং অফিস খোলা থাকবে।
শনিবার (৫ জানুয়ারি) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতীয় সিদ্ধান্তের সাথে মিল রেখে আমাদের ক্লাস বন্ধ আছে। তবে সেশনজট ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে, স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষাও নিতে পারবে বিভাগগুলো। আবাসিক হল যেভাবে চলছে, স্বাস্থ্যবিধি মেনে সেভাবেই খোলা থাকবে।
.png)
এর আগে গত ২১ জানুয়ারি জাতীয় সিদ্ধান্তের আলোকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
উপাচার্য বলেন, কোনো বিভাগের ল্যাব, প্র্যাকটিক্যাল ক্লাস এবং যেটা অনলাইনের চেয়ে প্রত্যক্ষ জ্ঞানে শিক্ষার্থীদের জন্য বেশি সহায়ক হয় সেসব ছোট ছোট ক্লাসও আমরা সশরীরে নেয়ার অনুমতি দিয়েছি। এছাড়া আমাদের অফিস কার্যক্রমও ৩টা পর্যন্ত চলছে। সেটাও আমরা বাড়িয়ে দেব।
আগে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের চলমান পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং বিশ্ববিদ্যালয়ের অফিস সীমিত পরিসরে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এছাড়া জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।