ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৫০ শতাংশ বাড়ছে শিক্ষাবৃত্তির টাকা  

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২২
৫০ শতাংশ বাড়ছে শিক্ষাবৃত্তির টাকা  
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক। ফাইল ছবি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দেয়া বৃত্তির টাকার পরিমাণ আগের তুলনায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে এ খাতে প্রতিবছর মোট ১০ লাখ টাকা বরাদ্দ ছিল, এখন এটি বাড়িয়ে ১৫ লাখ টাকা করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রহমান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Advertisement

জানা যায়, ফলাফলের ভিত্তিতে প্রতিবছর বিভাগের প্রথম পাঁচ শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি দেয়া হয়। ১৯৯৬ সাল থেকে বৃত্তি খাতে প্রতিবছর মোট ৬ লাখ টাকা বরাদ্দ ছিল। পরে ২০১৮ সালে অর্থের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়। এতে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে বছরে এতে ২ হাজার ৪০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের এক হাজার ৮০০ টাকা করে দেয়া হতো। 

বৃত্তি শাখার সূত্রে জানা যায়, পরবর্তী অর্থবছর থেকে এটি কার্যকর হবে। বৃত্তির টাকার পরিমাণ ও বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বাড়িয়ে এটি সমন্বয় করা হবে। তাই শিক্ষার্থীরা প্রত্যেকে কত টাকা করে বৃত্তি পাবে, তা এখনই বলা যাচ্ছে না।

এছাড়াও সিন্ডিকেট সভায় আবাসিক হলগুলোতে বার্ষিক শিক্ষার্থী প্রতি ভর্তুকি ২০ টাকা বাড়িয়ে ৮০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে এবং দুইজন নতুন শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ অবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!