সশরীর ক্লাস নিয়ে সরকারি নির্দেশনার অপেক্ষায় রাবি
সশরীরে ক্লাস শুরুর বিষয়ে সরকারি নির্দেশনার অপেক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না আসলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে সশরীরে ক্লাস।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলমান রয়েছে। করোনার বিরূপ পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা অনুসারে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু সশরীরে ক্লাস বন্ধ রাখা হয়েছে। যদি সরকারিভাবে ছুটি বাড়ানোর আর কোন নির্দেশনা না আসে তাহলে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। তাছাড়া বিভিন্ন বিভাগের যে পরীক্ষাগুলো চলমান রয়েছে, তা পূর্ব ঘোষিত রুটিন মোতাবেক চলবে।
.png)
প্রসঙ্গত, এর আগে গত ২১ জানুয়ারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে৷ সেদিন জরুরি এক সভায় সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে স্ব স্ব বিভাগকে অনলাইনে ক্লাস কার্যক্রম চালিয়ে যাওয়া নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ৭ থেকে বাড়িয়ে ২১ ফ্রেরুয়ারি বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।