যেভাবে সাদা-খয়েরি হলো পাবিপ্রবির বাস
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাদা-খয়েরি বাস এখন শিক্ষার্থীদের কাছে আবেগ ও ভালোবাসার নাম। প্রতিদিন এই সাদা-খয়েরি বাসকে ঘিরেই তৈরি হয় নতুন নতুন গল্প। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংকট থাকায় অধিকাংশ শিক্ষার্থীদের প্রতিদিনের ক্যাম্পাসে আসা-যাওয়ার নিত্যসঙ্গী সাদা-খয়েরি বাস।
যে সাদা-খয়েরি বাসকে নিয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের এত আলাপন সেই বাসের রঙ সাদা-খয়েরি কীভাবে হলো?
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধার হাত ধরে। বিশ্ববিদ্যালয়ের শুরুতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে যাওয়ার জন্য নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা ছিল না।
_1666159904.jpg)
শুরুর দিকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হত। শিক্ষার্থীরা তখন কীভাবে ক্যাম্পাসে আসত সে বিষয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থী কানিজ ফাতেমা প্রভা ডেইলি বাংলাদেশকে জানান, বিশ্ববিদ্যালয়ের শুরুতে ক্যাম্পাসের কোনো বাস না থাকার কারণে শিক্ষার্থীরা ভ্যান, নসিমন-করিমন, ট্যাম্পু, রিকশায় করে ক্যাম্পাসে যেত। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কিছু লেগুনা ভাড়া করা হয়। এর কিছুদিন পরে শিক্ষর্থীরা বাসের জন্য আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিআরটিসির ডাবল ডেকার বাস ভাড়া করে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক ড. মোজাফফর হোসেনের সময় ২০১২ সালে শিক্ষার্থীদের জন্য প্রথম বাস কেনা হয়। এই বাসের রঙ ছিল আকাশি-খয়েরি। মূলত বিশ্ববিদ্যালয়ের লোগোর খয়েরি রঙের সঙ্গে সমন্বয় করে বাসে আকাশি রঙ করা হয়। অধ্যাপক ড. মোজাফফর হোসেন থাকাকালে শিক্ষার্থীদের জন্য আরো তিনটি বাস কেনা হয়। যেগুলোর রঙ ছিল আকাশি-খয়েরি।
বিশ্ববিদ্যালয়ের প্রথম বাস কেনা নিয়ে তখনকার শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ছিলেন। তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইন ডেইলি বাংলাদেশকে জানান, নিজেদের ভেতরে একটা ভালো লাগা কাজ করেছে তখন। শুরুর দিকে ক্যাম্পাসে অনেক কিছুই ছিল না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস কেনার পর মনে হলো আমরা কিছু পাচ্ছি। তখন নিজেদের ভেতর বিশ্বাস জন্মেছে যে আমরা সামনে আরো সুযোগ-সুবিধা পাব।
_1666159922.jpg)
২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য অধ্যাপক ড. আল নকীব চৌধুরী যোগদানের পরে বিশ্ববিদ্যালয়ের বাসের রঙ পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের পাঁচ নাম্বার বাস যখন কেনা হয় তখন সেই বাসটির রঙ সাদা-খয়েরি করা হয়। সেই থেকেই পাবিপ্রবির সাদা-খয়েরি বাসের চলাচল শুরু। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আটটি বাসের রঙই সাদা-খয়েরি।
বিশ্ববিদ্যালয়ের বাসের রঙ সাদা-খয়েরি কেন করা হলো? এতে কী অর্থ প্রকাশ পেল? জানতে চাইলে পরিবহন পুলের প্রশাসক ড. মো. রাহিদুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, সাদা রঙ মূলত শান্তি, বিশুদ্ধতা, পূর্ণতাকে বুঝানো হয়। ঐ ধারণা থেকে বাসের রঙের একাংশ সাদা করা হয়েছে। আর খয়েরি রঙ আমাদের বিশ্ববিদ্যালয়ের লোগোর রঙ। বিশ্ববিদ্যালয়ের বাসের মধ্যে লোগোর রঙকে স্থান করে দেওয়ার জন্য বাসের অন্যাংশের রঙ খয়েরি করা হয়েছে।