ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবির দুই শিক্ষার্থী ও বনবিভাগ উদ্ধার করল ৩০টি দেশি পাখি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ৭ নভেম্বর ২০২২
রাবির দুই শিক্ষার্থী ও বনবিভাগ উদ্ধার করল ৩০টি দেশি পাখি
রাবির দুই শিক্ষার্থী ও বনবিভাগ উদ্ধার করল ৩০টি দেশি পাখি। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী ও রাজশাহী বনবিভাগের বিশেষ অভিযানে ৩০টি দেশি পাখি উদ্ধার করা হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। 

সোমবার নাটোরের আহমেদপুর এলাকায় এক পাখি বিক্রেতার থেকে এগুলো উদ্ধার করা হয়। এসব পাখির মধ্যে রয়েছে পাহাড়ি ময়না, টিয়া, শালিক, পাতি সরালি, গিরিয়া হাস, পিয়াং হাস, দেশি তিলা ঘুঘু ও কালিম।

রাবি শিক্ষার্থীরা হলেন- মার্কেটিং বিভাগের নাজমুল হোসেন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মিজানুর রহমান তাসিব। তারা দুজনই রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের (ডেসরফ) স্বেচ্ছাসেবী।

Advertisement

জানা যায়, নাজমুল হোসেন কৌশলে পাখি বিক্রেতার থেকে পাখি কেনার কথা বলে রাজি করান। বিক্রেতার কথা মতো তারা দুজন মোটরসাইকেলে নাটোরের আহমেদপুর এলাকায় যান। তার আগেই বিষয়টি রাজশাহী বনবিভাগ ও নাটোরের পুলিশকে জানানো হয়। তাদের অনুসরণ করে সেখান পৌঁছায় রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ও অন্য কর্মকর্তারা। পরে বিক্রেতা পাখি নিয়ে আসার পর হাতেনাতে ধরা হয়।

পাখি বিক্রেতা আনিছুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নাটোর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হাবিব ২০ হাজার টাকা জরিমানা করেন।

নাজমুল হোসেন বলেন, পাখিরা আমাদের মতোই প্রকৃতির অংশ। পাখিরা মুক্ত থাকলে প্রকৃতি ভালো থাকবে। আমাদের সবার উচিত প্রকৃতি সংরক্ষণে কাজ করা।

অভিযানে আরো উপস্থিত ছিলেন নাটোর ডিবি পুলিশের এসআই আলী আগবর, বন বিভাগের কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ’র দফতর সম্পাদক ফজলে রাব্বী, পরিবেশকর্মী রাকিব হোসেন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!