শাবিপ্রবিতে সম্যকের কনসার্টে আসছে ব্লেক ও ট্রেইনরেক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৭তম ব্যাচ সম্যকের উদ্যোগে ওপেন কনসার্ট হতে যাচ্ছে শুক্রবার (১১ নভেম্বর)। এতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড ব্লেক ও ট্রেইনরেক।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে আয়োজক কমিটির আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচ সম্যকের উদ্যোগে শুক্রবার (১১ নভেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে জনপ্রিয় ব্যান্ড ব্লেক ও ট্রেইনরেকের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ‘ব্যান্ড সম্যক’, ‘নোঙর’ ও ‘রিম’ এবং সিলেটের ব্যান্ড ঐরাবত গানের তালে দর্শকদের মুগ্ধ করবেন।
পরদিন শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ‘কালচারাল নাইট’ অনুষ্ঠিত হবে।
সম্যক ব্যাচের শিক্ষা সমাপণী অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বেলুন উড়ানো, আনন্দ র্যালি, কেক কাটা, ব্যান্ড সম্যক টি-শার্ট উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান- সায়াহ্নে সম্যক ও কাঙ্গালি ভোজ ইত্যাদি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।