চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ১২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছর আবেদনের যোগ্যতা (জিপিএ) বাড়ানো হয়নি। ফলে গত বছরের মতো ইউনিটভিত্তিক আবেদন যোগ্যতা এবারও বহাল থাকবে। তবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখা হয়েছে।
আবেদনের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের-
.png)
এবারের ভর্তি পরীক্ষায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২১ বা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের (সেকেন্ড টাইমার) মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেয়া হবে।
যেভাবে আবেদন করবেন:
ইন্টারনেট সুবিধাসংবলিত কম্পিউটার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের (https://admission.cu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করতে ওয়েবসাইটে গিয়ে প্রথমে শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও মাধ্যমিকের (এসএসসি) তথ্য পূরণ করে 'Submit' বাটনে ক্লিক করতে হবে।
এরপর যেকোনো ইউনিট/উপ ইউনিটে আবেদনের যোগ্য হলে পরবর্তী পেইজে মোবাইল নম্বর প্রদান করতে হবে। এবং 'Send confirmation code' বাটনে ক্লিক করলে আবেদনকারীর প্রদানকৃত নম্বরে 'Confirmation code' আসবে। এক্ষেত্রে ব্যক্তিগত এবং সচল মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে।
'Confirmation code' প্রদান করে 'Verify code' বাটনে ক্লিক করার পর সঠিক হলে আবেদনকারীর একটি প্রোফাইল তৈরি হবে এবং মোবাইলে 'UserID' ও 'Password' পাঠানো হবে, যা সংরক্ষণ করা জরুরি।
পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করলে আবেদনকারীর যাবতীয় তথ্যাদি প্রদর্শিত হবে। কোটা থাকলে সেটি যুক্ত করতে পারবেন।
আবেদনকারী তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে সঠিক মাপের (Size:150kb,300×300 pixels) সদ্য তোলা স্পষ্ট ছবি (চেহারা অনাবৃত) আপলোড করবেন। পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে 'Question Language' এ ক্লিক করতে হবে। পাশাপাশি তিনি কোন কোন ইউনিটে আবেদনের যোগ্য এবং আগ্রহী সে অনুযায়ী 'Select' করতে হবে।
ইউনিট/উপ ইউনিট সিলেক্ট করার পর আবেদনকারী 'Apply' বাটনে ক্লিক করে একটি 'Bill Number' পাবেন। সেটি ব্যবহার করে 'বিকাশ অথবা রকেট' এর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে।
এছাড়া ছবি/কোটা/প্রশ্নের ভাষা/মোবাইল নম্বর সংশোধন করতে চাইলে আবেদনকারী তার প্রোফাইলে লগইন করে ৩০০ (তিনশত) টাকা ফি প্রদান সাপেক্ষে করতে পারবেন। একইভাবে এসব তথ্য পরিবর্তন করতেও প্রোফাইলের 'Personal' ট্যাবে 'Request To Change' বাটনে ক্লিক করে নির্ধারিত ফি প্রদান করে পরিবর্তন করতে পারবে।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা যা করবে:
এ-লেভেল/ও-লেভেল/সমমান বিদেশি পাঠক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিজ্ঞান অনুষদ অফিসে তার গ্রেডশীট/মার্কশীটসমূহের ফটোকিপসহ আবেদন করতে হবে এবং চবি রেজিস্ট্রার অনুকূলে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগৃহীত ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার সমতা নিরূপণ ফি হিসেবে প্রদান করতে হবে। সমতা নিরূপনেট পর আবেদনকারিকে একটি সমতা নিরূপন সনদপত্র প্রদান করা হবে এবং ঐ সনদপত্রে Equivalent ID উল্লেখ থাকবে। প্রদত্ত Equivalent ID ভর্তির ওয়েবসাইটে প্রবেশের সময় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক রোল নম্বরের স্থানে বসিয়ে এবং বোর্ডের স্থলে Equivalent Board নির্বাচন করে যথাযথ সময়ে নির্দিষ্ট আবেদন ফি জমা দেওয়ার রশিদ সংগ্রহ করতে হবে।
বছরে আবেদন ফি বাড়লো:
ভর্তির আবেদনের জন্য ইউনিট ও উপ-ইউনিটপ্রতি একজন শিক্ষার্থীকে আবেদন ফি দিতে হবে ৮৫০ টাকা। এ ছাড়া প্রসেসিং ফি দিতে হবে আরো ১০০ টাকা। অর্থাৎ একটি ইউনিট অথবা উপ-ইউনিটের আবেদন করতে মোট ৯৫০ টাকা লাগবে, যা গত শিক্ষাবর্ষে ছিল ৮৫০ টাকা। এর আগের শিক্ষাবর্ষে ছিল ৬৫০ টাকা। অর্থাৎ দুই বছরের ব্যবধানে আবেদন ফি ৩০০ টাকা বেড়েছে।
আবেদনে সংশোধনীর সুযোগ:
অনলাইনে আবেদনপ্রক্রিয়ার যেকোনো প্রকার সংশোধনী বা ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি নেয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
ভর্তি পরীক্ষার তারিখ:
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৮ মে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২০ মে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং সবার জন্য উন্মুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে ২২ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
এছাড়া ‘ডি-১’ ও ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ২৪ মে ও ২৫ মে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুটি উপ ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।