রাবিতে চূড়ান্ত আবেদনের সুযোগ পেলেন যারা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবে।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম সিলেকশনের ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক আবেদনের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ওয়েবাসাইটে দেওয়া হয়েছে। এখন ফলাফলের রি-চেকের কাজ চলছে। ভর্তিচ্ছুরা ফল দেখতে গিয়ে কোনো ধরনের জটিলতায় পড়ছেন কিনা, সে বিষয়টি নোটিশ করা হচ্ছে।
যারা মনোনীত হয়েছেন
উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত প্রাথমিক আবেদন থেকে উত্তীর্ণ ভর্তিচ্ছুরা চূড়ান্ত আবেদন করতে পারবে।
‘এ’ ইউনিটে যাদের বিজ্ঞানে জিপিএ- ৫.০০, মানবিকে জিপিএ- ৪.৫৮ এবং বাণিজ্যে জিপিএ- ৫.০০ রয়েছে তারা নির্বাচিত হয়েছেন।
‘বি’ ইউনিটে বিজ্ঞান ও বাণিজ্যের সবাই নির্বাচিত হয়েছেন। আর মানবিকে যাদের জিপিএ- ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন।
‘সি’ ইউনিটে যাদের বিজ্ঞানে জিপিএ- ৫.০০, মানবিকে জিপিএ- ৫.০০ এবং বাণিজ্যে জিপিএ- ৫.০০ রয়েছে, শুধুমাত্র তারা নির্বাচিত হয়েছেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম ধাপের চূড়ান্ত আবেদন শুরু হবে রোববার (৯ এপ্রিল) বেলা ১২টা থেকে, চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। ‘এ’ এবং ‘সি’ ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা এবং ‘বি’ ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা (সার্ভিস চার্জসহ)।
প্রসঙ্গত, আগামী ২৯মে বিজ্ঞান ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ৩০ মে মানবিক ‘এ’ ইউনিট এবং ৩১ মে বাণিজ্য ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) পাওয়া যাবে।