ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের বিষয়ে যা জানাল মাউশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৭, ৪ জুন ২০২৩
মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের বিষয়ে যা জানাল মাউশি
ছবি: সংগৃহীত

গরমের কারণে এই মুহূর্তেই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। 

রোববার (৪ মে) সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।

নেহাল আহমেদ বলেন, প্রাথমিকের বাচ্চারা ছোট, তাদের অসুবিধা বেশি। যদি স্কুল ও কলেজ বন্ধ করে দেই তাহলে সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হবে। তবে অবস্থার আরো অবনতি হলে আমরা বিষয়টি চিন্তা করে দেখব।

Advertisement

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী সোমবার (৫ জুন) থেকে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ থেকে ছয়দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অনুভূতিও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: মাউশি
লিংক সফলভাবে কপি হয়েছে!