রাবি ছাত্রলীগের রুনু ভারতে গ্রেফতার
ভারতে অনুপ্রবেশ করার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার দৈনিক আনন্দবাজারের অনলাইনে এ খবর প্রচার করা হয়।
খবরে ফয়সালের নাম লেখা হয়েছে ‘ফয়জল’। আর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নাম লেখা হয়েছে ‘পাওয়া’। অন্য সব তথ্য ফয়সাল আহমেদেরই।
.png)
খবরে বলা হয়েছে, গত ২ নভেম্বর দুপুরে পশ্চিমবঙ্গের মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্য দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তে বিএসএফ তাকে আটক করে। এর আগে বাংলাদেশ সীমান্ত টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মাঝখান দিয়ে উন্মুক্ত সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন ফয়সাল।
ঐদিন বিকেলে তাকে হবিবপুর থানা পুলিশের হাতে তুলে দেন বিএসএফ সদস্যরা। পরের দিন পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড চায়। বিচারকের নির্দেশে প্রথমে তিন দিন এবং পরে বুধবার আরো পাঁচদিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে রুনুকে।
ফয়সাল ভারতীয় পুলিশ ও বিএসএফের কাছে দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি প্রায় দুই মাস দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে যান।
সূত্র: আনন্দবাজার