ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রংপুরে যাত্রা শুরু সরকারি মহিলা পলিটেকনিক কলেজের

চলতি শিক্ষা বর্ষেই ভর্তি, চালু হচ্ছে গ্রাফিক ডিজাইন ও আর্কিটেকচার টেকনোলজি
রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২ আগস্ট ২০২৬
রংপুরে যাত্রা শুরু সরকারি মহিলা পলিটেকনিক কলেজের
ছবি: ডেইলি বাংলাদেশ

উত্তরাঞ্চলের নারীদের কারিগরি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। চলতি শিক্ষা বর্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করছে রংপুর সরকারি মহিলা পলিটেকনিক কলেজ। 

আধুনিক অবকাঠামো, অত্যাধুনিক ওয়ার্কশপ, আবাসিক সুবিধা এবং দক্ষ শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানে প্রথম ধাপে চারটি টেকনোলজির মধ্যে গ্রাফিক ডিজাইন ও আর্কিটেকচার টেকনোলজিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই প্রতিষ্ঠান উত্তরাঞ্চলের নারী শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে দেশ-বিদেশের কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Advertisement

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে রংপুর নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকায় ৩ একর জায়গা জুড়ে গড়ে ওঠা রংপুর সরকারি মহিলা পলিটেকনিক কলেজের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সরকারি অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনা শীর্ষক’ প্রকল্পের আওতায়  রংপুর ছাড়াও সিলেট, বরিশাল, ও ময়মনসিংহ বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্প করা হচ্ছে।

রংপর সরকারি মহিলা পলিটেকনিক কলেজের নতুন এই ক্যাম্পাসে রয়েছে ছয়তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি অত্যাধুনিক ওয়ার্কশপ ভবন এবং চারতলা বিশিষ্ট আধুনিক ছাত্রীনিবাস।

ছাত্রীনিবাসটিতে পাঁচটি পৃথক ব্লক রয়েছে। হলের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা রিডিং রুম, টিভি রুম ও ডাইনিং রুমসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা। ২০০ শয্যার এই আবাসিক হলে প্রায় ৩০০ জন ছাত্রী অবস্থান করতে পারবেন। হলে থাকা শিক্ষার্থীরা সবাই বৃত্তির আওতায় থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়াও ক্যাম্পাসে শিক্ষকদের জন্য ডরমেটরি, অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুতের সাব-স্টেশনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ওয়ার্কশপ ভবনটি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ নিশ্চিত করবে।

রংপুর সরকারি মহিলা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান জানান, চলতি শিক্ষা বর্ষ থেকেই কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার। এরই মধ্যে ২৫ জন শিক্ষক যোগদান করেছেন এবং চলতি মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, কলেজের নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ এরইমধ্যে শেষ হয়েছে। আধুনিক শিক্ষা পরিবেশ ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা মানসম্মত কারিগরি শিক্ষা অর্জনের সুযোগ পাবেন। বিশেষ করে ওয়ার্কশপ ভবনটি আন্তর্জাতিক মানের যন্ত্রপাতিতে সজ্জিত হওয়ায় শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারবেন।

তিনি বলেন, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ওয়ার্কশপ, অধ্যক্ষের বাসভবন, শিক্ষক এবং অফিসারদের জন্য ডরমেটরি, স্টাফ কোয়ার্টার, মহিলা হোস্টেল, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ সড়ক, ড্রেন, গার্ড রুম, অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ, গভীর নলকূপ, পানির পাইপলাইন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজারভার, ওভারহেড পানির ট্যাংক, অভ্যন্তরীণ সারফেস ড্রেন, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, শহীদ মিনার, ট্রান্সপোর্ট/ভেহিকেল, মেশিনারি/যন্ত্রপাতি, জার্নাল এবং বই, আসবাবপত্রসহ বেশ কিছু সুযোগ-সুবিধা।

অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, এই প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা সম্পন্ন করে বের হওয়ার পর শিক্ষার্থীদের চাকরি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রংপুর সরকারি মহিলা পলিটেকনিক কলেজ চালু হওয়ার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের নারী শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার নতুন দুয়ার উন্মোচিত হলো। একই সঙ্গে দক্ষ নারী জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের শিল্প ও প্রযুক্তি খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!