ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

উনি আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছেন: নিপুণ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ৩০ জানুয়ারি ২০২২
উনি আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছেন: নিপুণ
চিত্রনায়িকা নিপুণ

শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারের পর  ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ।  তার আপিলের ভিত্তিতে ভোট পুনর্গণনাতেও  সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে জায়েদ খানকে। 

এ নিয়ে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিপুণ।

তিনি বলেন, নির্বাচন কমিশনার একটি চক্র, এটা জায়েদ খানের চক্র। তার সঙ্গে ছিল এফডিসির এমডিও। তারা তিনজন মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমার মনে হয় এ বিষয়ে তদন্ত করা উচিত।

Advertisement

তিনি বলেন, পীরজাদা হারুন একজন সরকারি চাকরিজীবী। আমি বলব, তিনি যে চাকরি করেন, তার ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য।

কাঞ্চন প্যানেলের এ সাধারণ সম্পাদক প্রার্থী বলেন, পীরজাদা ও জায়েদ খানরা মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি জীবনের নিরাপত্তা নিয়ে বনানী থানায় জিডি করেছি।

মিশা-জায়েদ প্যানেল নির্বাচনী আচরণ লঙ্ঘন করেছে অভিযোগ করে নিপুণ বলেন, নিয়ম-কানুন কি শুধু কাঞ্চন-নিপুণ পরিষদের জন্য ছিল? মিশা-জায়েদ পরিষদের জন্য ছিল না? আমরা ব্যারিকেড দিয়ে ভেতরে অবস্থান নিয়েছিলাম, কিন্তু জায়েদ খান সেই ব্যারিকেডের ভেতরে আসেননি কেন? তিনি কেন ব্যারিকেডের বাইরে গিয়ে টাকা দিয়ে ভোট কিনলেন?

যোগ করে নিপুণ বলেন, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। পুরো বাংলাদেশ তা দেখেছে। তাই এটি গঠনতন্ত্র অনুযায়ী শোভনীয় নয়। এ বিষয়ে প্রয়োজনে উচ্চ আদালতে যাব।

আরো পড়ুন> মামলা বাতিল চেয়ে পরীমনির আবেদন

এ সময় তিনি পীরজাদা হারুনকে উল্লেখ করে বলেন, আমাদের দুই জন নারী প্রার্থী ছিলেন। সকালে তিনি (পীরজাদা হারুন) আমার কাছে দুই গালে দুইটা কিস চেয়েছেন। তখনই তাকে চড় মেরে নির্বাচন বাতিল করা উচিত ছিল। কিন্তু আমি তা করতে পারিনি।

এ সময় ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক রিয়াজ, সাইমন, জেসমিন, জাদু আজাদ, সীমান্তসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেছিলেন নিপুণ। কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এর মধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে ১০টি আর সাধারণ সম্পাদক পদে বাতিল হয় ২৬টি ভোট।

এবারের নির্বাচনে অভিনেতা ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হন জায়েদ খান। নিপুণ পান ১৬৩ ভোট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!