জায়েদের জন্য রক্ত দিয়ে নাম লিখেছেন তরুণী, মন্তব্য নিয়ে হাস্যরস সোশ্যাল মিডিয়ায়
অভিনেতা জায়েদ খান। অভিনয় নয় বরং বিভিন্ন কারণেই আলোচনায় থাকেন তিনি। গেলো শিল্পী সমিতির নির্বাচনে তাকে নিয়ে আলোচনা কম হয়নি। এদিকে মাঝে মাঝে তার করা মন্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয় রীতিমতো তামাশা। সম্প্রতি ভাইরাল হওয়া তার একটি মন্তব্য নিয়ে আবারো হাস্যরস শুরু হয় সেখানে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে জায়েদ খান বলেন- সিনেমায় অভিনয়ের কারণে মেয়েরা এত পাগল আমার জন্য যে তাদের সঙ্গে কথা কিংবা দেখা না করলে যেকোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চাইতেন নারী ভক্তরা। এমনকি নিজের রক্ত দিয়ে তারা আমার নাম লিখতেন।
জায়েদ খান ওই ভিডিওত বলেন- সিনেমায় আসার পর পরিচিতি, মানুষের যে ভালোবাসা পেয়েছি তা বলে বোঝাতে পারব না। তবে নারী ভক্তদের পাগলামিটা একটু বেশিই ধরা পড়েছে আমার কাছে। আমি দুটি ঘটনা বলতে চাচ্ছি, একটি হচ্ছে আমার এক ভক্ত (তরুণী) তিনি আমাকে মেসেজ পাঠাতেন যে তার সঙ্গে কথা না বললে তিনি পাবনায় মেন্টাল হাসপাতালে ভর্তি হবেন।
জায়েদ বলেন, মেসেজ পাঠানোর পর ওইদিন শুটিংয়ের ব্যস্ততার কারণে আর কথা বলা হয়নি। কিন্তু পরদিন মেসেজ দিয়ে বলছে, আমি হাসপাতালের সামনে, আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ না করেন, তাহলে আমি ভর্তি হয়ে যাব। পরে কথা বলেছি, ওর মায়ের সঙ্গেও কথা বলেছি।
অন্য একটি ঘটনা সম্পর্কে জায়েদ খান বলেন, ঢাকার সেগুনবাগিচার এক তরুণী (নাম বলব না), তিনি আমাকে নিজের হাত কেটে রক্ত বের করে আমার নাম হাতে লিখে সেটার ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলেন। এ ধরনের কাণ্ড ভক্তরা করতে পারবে, তা কখনো আমি বুঝতেই পারিনি।
জায়েদ খান বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি শেষ করেছেন ‘বাহাদুরি’ সিনেমার শুটিং। এ ছাড়াও বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেতার।