চল্লিশের কোঠা পেরুনো এই অভিনেতা এখনো বিয়ে করেননি। কিন্তু কেন ‘চিরকুমার’ থেকে গেলেন অম্বরীশ ভট্টাচার্য? ভারতীয় সংবাদমাধ্যমে জানান, চিন্তা থেকে মুক্ত রাখতেই এখনো বিয়ে করেননি তিনি।
খানিকটা মজার ছলেই অম্বরীশ বলেন, ‘পর্দায় নায়ক হলে অনেক টেনশন থাকে। সেই টেনশনটা আমি নিতে চাই না। সেই কারণেই আমি বিয়ে-টিয়ে করিনি। আমি একদম টেনশন নিতে পারি না।’
.png)
তাহলে কি অম্বরীশের জীবনে নারীদের উপস্থিতি নেই? মৃদু হেসে অভিনেতা বললেন, ‘আমার জীবন নারীবর্জিত নয়। স্ত্রীবর্জিত।’
অম্বরীশ জানান, প্রেমে অগাধ আস্থা থাকলেও বিয়েতে তিনি বিশ্বাসী নন। তার কারণ ব্যাখ্যা করে অভিনেতা বলেন, সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। বদলেছে মানুষের আবেগ, চিন্তাভাবনার ধরন। আমার মনে হয় এই যুগে দাঁড়িয়ে, এমন অস্থির সময়ে দু’জন মানুষের সারাজীবন এক সঙ্গে থাকা অসম্ভব। কারণ প্রতিদিন আমাদের জীবনে এত প্রলোভন আসছে, এত ধরনের তথ্য আসছে, যে একটা মানুষ মানসিকভাবে খুব অস্থির হয়ে থাকে। সেই অস্থিরতা নিয়ে বছরের পর বছর একটা মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়।’
বিয়েতে বিশ্বাস না থাকলেও প্রেমের প্রতি আস্থা অটুট অম্বরীশের। তার কথায়, ‘নারী বান্ধবী আমার অনেক আছে। আমি অনেকের থেকে বেশি নারী চরিত্র বুঝি। নারীদের বিষয়ে আমার আগ্রহও রয়েছে। তবে বিয়েতে নয়।’