ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জন্মদিনে শাহরুখকে দেখতে গিয়ে দামি মোবাইল খোয়ালেন ৩০ ভক্ত!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:০১, ৪ নভেম্বর ২০২৩
জন্মদিনে শাহরুখকে দেখতে গিয়ে দামি মোবাইল খোয়ালেন ৩০ ভক্ত!
ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ছিল ২ নভেম্বর। ভক্তদের কাছে দিনটি দিওয়ালি কিংবা ঈদের মতোই। এই দিনটা ‘এসআরকে ডে’ হিসেবেই সেলিব্রেট করেন শাহরুখ প্রেমীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৮-তে পা দিয়েছেন বলিউড বাদশা। তার জন্মদিন উপলক্ষে ১ নভেম্বর রাত থেকেই শাহরুখের বাসভবন মান্নাতের বাইরে ছিল ভক্তদের লম্বা লাইন। হাজার হাজার ভক্ত-অনুরাগী তাদের প্রাণের তারকাকে এক ঝলক দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন মান্নাতের বাইরে।

মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকাতে অবস্থিত মান্নাত, গোটা এলাকা জুড়ে ভিড়ের চাপে নাজেহাল দশা পুলিশের। লাঠিচার্জ করতেও বাধ্য হয় মুম্বাই পুলিশ। এত ভিড় আর ঠেলাঠেলির চাপে ঘটে গেল বিপত্তি। সুযোগ বুঝে মান্নাতের বাইরে দেদার চুরি চালালো চোরেরা।

Advertisement

জানা গেছে, মোট ৩০টি মোবাইল ফোন চুরি গেছে মান্নাতের সামনে থেকে। ২৩ বছর বয়সী আরবাজ খান এসেছিলেন শাহরুখ দর্শনে। তার পকেটে রাখা ফোন গায়েব হয়ে যায় নিমেষে। এরপর পুলিশে অভিযোগ জানাতে গিয়ে আরবাজ জানতে পারেন, আরো ১৫ জন এরই মধ্যে মান্নাতের সামনে থেকে ফোন চুরি যাওয়ার অভিযোগ করেছেন।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরি যাওয়া ফোনগুলোর জন্য চলছে তল্লাশি। কে বা কারা এই হাত সাফাইয়ের কাজ সারলো তা স্পষ্ট নয়। তবে পুলিশের লাঠিচার্জ থেকে ফোন চুরি যাওয়া, এই বছর শাহরুখের জন্মদিন এক কথায় ছিল ঘটনাবহুল।

বুধবার মধ্যরাতেই অল ব্ল্যাক লুকে ভক্তদের দর্শন দিয়েছিলেন শাহরুখ। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি-শার্ট, মাথায় কালো টুপি পরে দু-হাত খুলে মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন শাহরুখ।

পরের দিনটাও ভক্তদের সঙ্গে সময় কাটান শাহরুখ। মান্নাতে দর্শন দেওয়ার পাশাপাশি ফ্যান ইভেন্টে অংশ নেন। সবার সঙ্গে বসে দেখেন তার আসন্ন ছবি ‘ডাঙ্কি’র টিজার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!