‘মায়ার জঞ্জাল’ নিয়ে ৬ বছর পর ওটিটিতে অপি করিম
প্রেক্ষাগৃহ পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেখান থেকে এবার ওটিটি- দীর্ঘ পথ পেরিয়ে নতুন দর্শকের কাছে পৌঁছাতে যাচ্ছে ‘মায়ার জঞ্জাল’। নির্মাণের প্রায় ছয় বছর পর ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি আবারও আলোচনায়। আগামী ২৪ সেপ্টেম্বর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।
‘মায়ার জঞ্জাল’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী। সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গেছে তাদের। ওটিটিতে মুক্তির খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ঋত্বিক। একই সঙ্গে অপি করিমের অভিনয়ের প্রশংসা করে তিনি উল্লেখ করেছেন, চরিত্রটিতে অসাধারণ অভিনয় করেছেন এই অভিনেত্রী।
.png)
জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত সিনেমাটি ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তবে দর্শকের সামনে আসার আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয় ‘মায়ার জঞ্জাল’-এর। চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
শুধু প্রদর্শনেই সীমাবদ্ধ থাকেনি সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা। ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জুরি অ্যাওয়ার্ড পেয়েছে এটি। যুক্তরাজ্যের লন্ডনের ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’ থেকেও সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে ‘মায়ার জঞ্জাল’।
দেশের মাটিতেও এসেছে স্বীকৃতি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতে সিনেমাটি।
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’—এই দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। সিনেমাটিতে অপি করিম ও ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি অভিনয় করেছেন সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
প্রেক্ষাগৃহ ও উৎসবের পর এবার ওটিটির পর্দায় আসছে সিনেমাটি। ফলে যারা বড় পর্দায় ‘মায়ার জঞ্জাল’ দেখার সুযোগ পাননি, তাদের সামনে এবার ঘরে বসেই সিনেমাটি দেখার সুযোগ তৈরি হচ্ছে।