এলা হান্ট অভিনয় ও সংগীতে হলিউড মাতাচ্ছেন
সুরেলা কণ্ঠে আর রূপের জাদুতে ব্রিটিশ অভিনেত্রী ও সংগীতশিল্পী এলা হান্ট বর্তমানে বিনোদন ভুবনকে মাতিয়ে রেখেছেন। অ্যাপল টিভির মেগা-হিট সিরিজ ‘ডিকিনসন’ খ্যাত এই আবেদনময়ী এখন কেবল অভিনয়েই নয়; বরং সংগীতেও রাখছেন তার প্রতিভার স্বাক্ষর।
১৯৯৮ সালের ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনস্টারে জন্মগ্রহণকারী এই তারকা মাত্র এগারো বছর বয়স থেকে অভিনয় ও সংগীতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। পর্দার সাবলীল অভিনয় এবং বাস্তব জীবনের নান্দনিক অভিব্যক্তিতে তিনি আজ বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের কাছে এক দারুণ অনুপ্রেরণা ও ফ্যাশন আইকনে পরিণত হয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সংগীত জগতেও নিজের স্থায়ী আসন করে নিয়েছেন এই বহুমুখী প্রতিভাধর তারকা। চলতি বছরের জুনে মুক্তি পেয়েছে তার ১৩টি ট্র্যাকের আবেগঘন ডেবিউ অ্যালবাম ‘ব্লাইন্ডস্পট’। লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের মঞ্চে তার একক লাইভ শো ও হাউসফুল পারফরম্যান্সগুলো সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছে।
হলিউড ও ব্রিটিশ ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ২০১২ সালের অস্কারজয়ী মিউজিক্যাল সিনেমা ‘লে মিজেরাবল’-এ অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজর কাড়েন। পরে ২০১৭ সালের হরর-কমেডি মিউজিক্যাল ছবি ‘আনা অ্যান্ড দ্য অ্যাপোক্যালিপ্স’-এ দুর্দান্ত অভিনয় করে স্কটিশ বাফটা মনোনয়ন পান। তবে বিশ্বখ্যাত সিরিজ ‘ডিকিনসন’-এ ‘সু পারকিন্স’ চরিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও এলা হান্টের উপস্থিতি অত্যন্ত জোরালো। সাম্প্রতিক সময়ে তিনি মিন্ডি কালিংয়ের হুলু কমেডি সিরিজ ‘নট সুইটেবল ফর ওয়ার্ক’-এ প্রধান চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।
হলিউডে এলা হান্টের আসন্ন বড় বাজেটের হরর-থ্রিলার ঘরানার সিনেমা ‘বেলা’ নিয়ে আলোচনা চলছে। সিনেমাটি প্রযোজনা করছেন বিশ্বখ্যাত ‘দ্য কনজুরিং’ ফ্র্যাঞ্চাইজির লেখকেরা। এলা হান্ট সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন, যা নিয়ে হরর মুভিপ্রেমীদের মাঝে দারুণ উন্মাদনা রয়েছে।