জেনিফার লরেন্স ‘হাঙ্গার গেমসে’ ফিরছেন
দীর্ঘদিন বিরতি দেয়ার পর আবারও ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। জনপ্রিয় এই সিরিজের ক্যাটনিস এভারডিন চরিত্রে দেখা যাবে তাকে। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তার প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
তবে এবার শুধু ক্যাটনিস হয়ে পর্দায় ফেরাই নয়, পুরোনো সহশিল্পীদের সঙ্গে পুনর্মিলনের সুযোগও পাচ্ছেন অভিনেত্রী। আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। এটি মূল সিরিজের ধারাবাহিক গল্প নয়, বরং প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার ঘটনা তুলে ধরা হবে।
তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাডা। প্রেসিডেন্ট স্নো চরিত্রে থাকছেন র্যালফ ফাইনস।
সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন জেনিফার লরেন্স। জানান, পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে আবারও দেখা হওয়া ছিল ভীষণ আবেগের। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তটি ছিল বেশ মজার। লরেন্স জানান, কোনো আমন্ত্রণ ছাড়াই তার হোটেল কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন উডি। পুরোনো দিনের সেই দুষ্টুমিতে ফিরে গিয়ে দারুণ উপভোগ করেছেন তিনি। আলাপচারিতায় ‘হাঙ্গার গেমস’ সিরিজের শুটিংয়ের পুরোনো স্মৃতিও সামনে আনেন অভিনেত্রী।