পরিচয় মিলেছে মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ বাংলাদেশির
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত তিন বাংলাদেশির মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তাদের পরিচয় নিশ্চিত করেছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
তারা হলেন- কুমিল্লার দেবিদ্ধার উপজেলার এলাহাবাদ গ্রামের শহিদ মিয়ার ছেলে কামরুল হোসেন, হাবিবুর রহমানের ছেলে মো. দুলাল মিয়া।
দুজনই সম্প্রতি কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। সেখানে একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
.png)
৩ মার্চ রাতে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে দুর্ঘটনায় নিহত হন তিন বাংলাদেশি।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়, তিনজন বাংলাদেশি ট্রেনের ধাক্কায় নিহত হন। রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, তাদের আকস্মিক মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
এক বিবৃতিতে কাজাং জেলা পুলিশের উপ-প্রধান সুপার মোহাম্মদ নাসির দ্রাহমান বলেন, মরদেহগুলো পোস্টমর্টেমের জন্য কাজাং হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে কারো কাছে আর কোনো তথ্য থাকলে নিকটস্থ পুলিশ স্টেশন বা তদন্তকারী কর্মকর্তা এসজেন আরিফিনকে (০১২-২৪৪৪৬০৮) ফোন করার আহ্বান জানান তিনি।