ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ফ্রান্সের কাউন্সিলর হলেন বাংলাদেশের রাব্বানী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:২৫, ১৪ আগস্ট ২০২৬
ফ্রান্সের কাউন্সিলর হলেন বাংলাদেশের রাব্বানী
ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত রাব্বানী খান ফ্রান্সের স্থানীয় নির্বাচনে ফরাসি নাগরিকদের ভোটে নির্বাচিত হয়ে পৌর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলি সেন-সাঁ-দেনি বিভাগের স্টেইনস পৌরসভার কাউন্সিলর হিসেবে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন তিনি।

স্টেইনস পৌরসভায় মেয়র আজ্জেদিন তাইবির নেতৃত্বাধীন রাজনৈতিক প্যানেল থেকে নির্বাচিত হন রাব্বানী খান। স্থানীয় পর্যায়ে নাগরিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও সেবা নিশ্চিত করার বিষয়ে কাজ করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও সহযোগিতা করছেন।

Advertisement

গাজীপুরের কাপাসিয়ার সন্তান রাব্বানী খান দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করার পাশাপাশি অভিবাসীদের দৈনন্দিন বিভিন্ন সমস্যায় সহযোগিতা করে আসছেন তিনি। বিশেষ করে বিদেশিদের অধিকার, নাগরিকত্ব, বসবাসের অনুমতি এবং প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে প্রবাসীদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকেন।

ফ্রান্সে নতুন করে বসবাস শুরু করা অভিবাসীদের অন্যতম বড় সমস্যার একটি ভাষা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য বিনামূল্যে ফরাসি ভাষা শেখার সুযোগ তৈরিতে উদ্যোগ নিয়েছেন রাব্বানী। তার উদ্যোগে পরিচালিত ভাষা শিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে অনেক প্রবাসী ফরাসি ভাষায় যোগাযোগের দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

ভাষাগত দক্ষতার পাশাপাশি ইমিগ্রেশন ও বিভিন্ন আইনি বিষয়েও প্রবাসীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এসব ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তথ্য ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রশাসনিক প্রক্রিয়া বুঝতে না পারা বা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জটিলতায় পড়া প্রবাসীদেরও বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন রাব্বানী।

প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ক্ষেত্রেও তার উদ্যোগ রয়েছে। নিজ উদ্যোগ ও বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে একাধিক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়মিতভাবে যুক্ত রয়েছেন রাব্বানী খান। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা করেন তিনি। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রবাসীদের সংকটের সময়েও পাশে থাকার চেষ্টা করেন রাব্বানী। ফ্রান্সে কোনো বাংলাদেশি মারা গেলে মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক ও আর্থিক বিভিন্ন জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় যোগাযোগ, প্রশাসনিক প্রক্রিয়া এবং সমন্বয়ের মাধ্যমে মরদেহ বাংলাদেশে পাঠানোর কাজে সহযোগিতা করেন তিনি।

ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন রাব্বানী। তাঁর সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময়ে জাতীয় ও সাংস্কৃতিক দিবসসহ নানা আয়োজন করার সুযোগ পাচ্ছেন।

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রমেও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করার চেষ্টা করেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ও বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ক্ষেত্রেও ভূমিকা রাখছেন রাব্বানী।

স্থানীয় ফরাসি নাগরিকদের ভোটে বাংলাদেশি বংশোদ্ভূত একজনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়াকে প্রবাসী বাংলাদেশিরা ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন। তাদের মতে, স্থানীয় রাজনীতিতে রাব্বানীর অংশগ্রহণ ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও নাগরিক অংশগ্রহণের একটি উদাহরণ।

কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন রাব্বানী খান। স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!