ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আমিরাতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ভিসা বাতিলের অনিশ্চয়তা নিরসন দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ১১ আগস্ট ২০২৬
আমিরাতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ভিসা বাতিলের অনিশ্চয়তা নিরসন দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে (অটো) বাতিল হওয়া এবং এ নিয়ে তৈরি অনিশ্চয়তা দ্রুত নিরসনের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ভিসা পুনর্বহালসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সেক্রেটারি মো. রুবেল মিয়া এবং সহকারী সেক্রেটারি মো. রুবেল উপস্থিত ছিলেন।

Advertisement

বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এবং ছুটিতে দেশে আসা অনেক বাংলাদেশি ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ভিসা বাতিলের কারণে অনেকে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না। এতে চাকরি হারানোর পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটেও পড়ছেন তারা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে আমিরাতে কাজ করে আসা প্রবাসীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করতে হবে। যাদের ভিসা অটো-ক্যানসেল হয়েছে, তাদের তালিকা তৈরি করে দ্রুত ভিসা পুনর্বহালের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ জানিয়ে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রাখে। অথচ ভিসা জটিলতার কারণে অনেক প্রবাসী এখন কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

বক্তারা আরও বলেন, ভিসা অটো-ক্যানসেলের কারণে ক্ষতিগ্রস্তদের সমস্যা দ্রুত সমাধান করা না হলে তাদের চাকরি, আয় ও পরিবারের আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই বাংলাদেশ সরকারকে কূটনৈতিক পর্যায়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার নেতারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা দ্রুত পুনর্বহাল, ভিসা বাতিলের কারণ স্পষ্ট করা এবং ভবিষ্যতে এ ধরনের অনিশ্চয়তা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!