এক টুকরো বাংলাদেশ যেন গড়ে উঠেছে যুক্তরাজ্যের লন্ডনের হাউন্সস্লোতে। গান, আড্ডা, ঐতিহ্যবাহী খাবার আর বাঙালি সংস্কৃতির নানা আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে এক প্রাণের মিলনমেলা। ব্যস্ত প্রবাসজীবনের ক্লান্তি ভুলে এই আয়োজন এক সুতোয় বেঁধেছে বিভিন্ন প্রজন্মের বাঙালিদের।
হাউন্সস্লো ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের উদ্যোগে নিয়মিতভাবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, ধর্মীয় উৎসব ও সামাজিক মিলনমেলা। এসব আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে।
.png)
দীর্ঘদিন ধরে হাউন্সস্লো এলাকায় বাঙালি কমিউনিটি সক্রিয় ভূমিকা রেখে আসছে। স্থানীয় বিভিন্ন সংগঠন বাংলা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করছে। এর মধ্যে কিছু সংগঠন ১৯৮১ সাল থেকে নিয়মিত বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা চালিয়ে আসছে।
মিলনমেলায় নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন দেশীয় পোশাকে। নারীদের শাড়ি এবং শিশুদের ঐতিহ্যবাহী পোশাকে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে রঙিন। মঞ্চে পরিবেশিত হয় বাংলা গান, নাচ, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাঙালি খাবারের সমাহার। পিঠা-পুলি, বিরিয়ানি, পিউরি, নানা ধরনের দেশীয় খাবারের স্টল ঘিরে ছিল আগ্রহীদের ভিড়। প্রবাসে থেকেও দেশের স্বাদ ও ঐতিহ্য ধরে রাখার এই প্রচেষ্টা প্রশংসিত হয় সবার কাছে।
হাউন্সস্লোর বাঙালি কমিউনিটিতে রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী। তাদের পাশাপাশি যুক্তরাজ্য সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে কর্মরত বাংলাদেশিরাও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। প্রবাসীদের শ্রম ও অবদানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কমিউনিটি।
উৎসব ও মিলনমেলার মাধ্যমে পুরোনো পরিচিতদের সঙ্গে দেখা, নতুন প্রবাসীদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও শক্তিশালী হচ্ছে।