ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

স্যামসাংয়ের স্টিকার লাগিয়ে নকল পণ্য বিক্রি করছে রায়ানস

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৫, ১৪ মে ২০২৪
স্যামসাংয়ের স্টিকার লাগিয়ে নকল পণ্য বিক্রি করছে রায়ানস
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটার্স লিমিটেডের বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। বিশেষত, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই স্যামসাংয়ের নামে নকল পণ্য বিক্রি করছে।

সম্প্রতি তথ্যপ্রযুক্তিবিষয়ক কনটেন্ট নির্মাতা অনন্য জামান ২২ হাজার ৪০০ টাকায় স্যামসাংয়ের একটি দুই টেরাবাইট (টিবি) এসএসডি (সলিড-স্টেট ড্রাইভ) কেনেন রায়ানস থেকে। পরে দেখা যায় এসএসডিতে স্যামসাংয়ের নকল স্টিকার সিলভার কন্ট্রোল লাগানো। ডিভাইসটি কম্পিউটারে লাগিয়ে পরীক্ষা করলে নকল ধরা পড়ে।

অনন্য জামান বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। ভিডিওতে তিনি দেখিয়েছেন, এসএসডিতে লাগানো স্যামসাংয়ের সিলভার কন্ট্রোলারটি স্টিকার লাগানো। স্টিকার তুললে নিচে দেখা যাচ্ছে, ভেতরে আরডিএস-৫৭৭২ ডিএল নামে একটা কন্ট্রোল দেওয়া, যা স্যামসাংয়ের নয়।

Advertisement

অনন্য জামান গণমাধ্যমকে বলেন, বিশ্বজুড়ে স্যামসাংয়ের এসএসডি সবচেয়ে জনপ্রিয়। বাংলাদেশেও সবচেয়ে বেশি বিক্রি হয় স্যামসাংয়ের এসএসডি। এই পণ্যটি যে নকল তা কোনো সাধারণ ক্রেতার বোঝার উপায় নেই। আমরা যারা এসব নিয়ে কাজ করি তারা ধরতে পারি। বুঝতে না পেরে মানুষ স্যামসাংয়ের পণ্য মনে করেই এটি কিনছে। কিন্তু তারা বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ক্রেতা-বিক্রেতাদের সতর্ক করে জামান বলেন, স্যামসাং এসএসডি-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কেউ কেউ এটার নকল ভার্সন দেশে এনেছে। বিক্রেতা এবং ক্রেতা উভয়ের সতর্ক হওয়া উচিত। এসব নকল স্টিকার লাগানো এসএসডির দাম এবং পারফরমেন্স অর্ধেকও না।

এ প্রসঙ্গে রায়ানস কম্পিউটার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ হাসান বলেন, আমরা ভিডিওটা দেখেছি। স্টিকার তুলে নির্মাতা প্রতিষ্ঠানের নাম যাচাই করেও বোঝার উপায় নেই। আমরা আসল পণ্য ছাড়া ক্রয়-বিক্রয় কোনোটাই করি না। তারপরও বিষয়টি নিয়ে যাচাই বা তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!