যুদ্ধের মধ্যেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ দাবি করেছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়া আবারো পূর্বদিকে সন্দেহজনক একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে জাপানের কোস্ট গার্ড উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে জাহাজের জন্য সতর্কতা জারি করেছে।
.png)
এক সপ্তাহ আগে রাজধানী পিয়ংইয়ংয়ে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে যাওয়ার পর নতুন করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
২০১৭ সালের পর থেকে পূর্ণমাত্রায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ রেখেছিল উত্তর কোরিয়া। তবে বৃহস্পতিবার যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, সেটি আইসিবিএম কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরো পড়ুন>> এবার মানুষের রক্তেও মিললো মাইক্রোপ্লাস্টিক
অন্যদিকে, জাপানের সরকারও বলেছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা অস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
এর আগে, গত ১৬ মার্চ পিয়ংইয়ংয়ের একটি বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। তবে মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে যায়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, পারমাণবিক-অস্ত্রধারী উত্তর কোরিয়া এখন তার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে চায়।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো প‚র্ণমাত্রার আইসিবিএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটি স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে এই আইসিবিএমের পরীক্ষা চালাতে পারে।
সূত্র: সিএনবিসি