ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সম্পত্তির জন্য মামাকে খুন করে মেঝেতে লাশ গুমের চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ২২ এপ্রিল ২০২২
সম্পত্তির জন্য মামাকে খুন করে মেঝেতে লাশ গুমের চেষ্টা!
ছবি: সংগৃহীত

সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য মামাকে হত্যার ছক কষেছিল ভাগিনা। লাশ গুম করার জন্য রান্নাঘরের মেঝে খুঁড়ে গর্তও করে রেখেছিল। এই অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের কুপার্সে বিপুল মণ্ডল নামে এক যুবককে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করেছে।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, রানাঘাট মহকুমা হাসপাতালে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। পুলিশের জেরায় আটক বিপুল মণ্ডল অপরাধ কবুল করেছে। তার বিরুদ্ধে খুনের মামলা করা হয়েছে। শুক্রবার তাকে রানাঘাট আদালতে হাজির করা হয়।

পুলিশ জানায়, নিহতের নাম মন্টু সিকদার (৫০)। তার কিছু জমি আছে। মন্টুদের বাড়ির কাছেই, কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়ার ৪ নম্বর ওয়ার্ডে তার বোনের ছেলে বিপুলের স্ত্রী-সন্তান নিয়ে বাস।

Advertisement

সে মাঝেমধ্যে মামাকে দেখাশোনা করত। গত শুক্রবার থেকে মন্টুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়রা বিপুলকে জিজ্ঞাসা করলে সে বলে, মামা বাইরে চিকিৎসা করাতে গেছে। সন্দেহ হওয়ায় গত বুধবার মন্টুর ভাইবোনরা বিপুলের বাড়িতে গেলে সে তাদের ধাক্কাধাক্কি করে পালিয়ে যায়। এ সময় ঘরের মধ্যে অচেতন অবস্থায় মন্টুকে পড়ে থাকতে দেখা যায়।

আরো পড়ুন: দোনেৎস্কের ৪২ গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

পুলিশের দাবি, জেরায় বিপুল স্বীকার করেছে যে সম্পত্তির লোভে সে মামাকে খুন করার ছক কষেছিল। গত কয়েক দিন ধরে সে মামাকে খেতে দিচ্ছিল না। তবে বিষাক্ত কিছু সে খাইয়েছিল কিনা তা স্পষ্ট নয়।

রান্নাঘরের কাঁচা মেঝেতে সে লম্বায় প্রায় চার ফুট, চওড়ায় প্রায় দুই ফুট এবং গভীরতায় প্রায় আড়াই ফুট মাপের গর্ত খুঁড়েছিল। মামার মৃতদেহ মাটিচাপা দেওয়ার পরিকল্পনা নিয়ে বিপুল ওই ‘কবর’ খুঁড়ছিল বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি।

মন্টুর ভাইবোনেরা এসে পড়ায় সে অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালিয়েছিল। কিন্তু বুধবার রাতেই পুলিশ তাকে ধরে ফেলে। নিহতের বড় ভাই মনোরঞ্জন সিকদার অভিযোগ করার পর বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!