আগামী যুদ্ধে ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে হতবাক হবে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত আঘাতে হতবাক হয়ে যাবে দখলদার ইসরায়েল। এ কথা বলেছেন এই সংগঠনের সামরিক শাখা কাস্সাম ব্রিগেডস'র গাজা শাখার কমান্ডার ইজ্জাদ্দিন আল হাদ্দাদ।
তিনি এক ভিডিও বার্তায় আরো বলেছেন, আগামীতে যে যুদ্ধ হবে তাতে তাদের ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুলতা, ক্ষিপ্রতা ও প্রভাব সবাই দেখতে পাবে এবং দখলদার ইসরায়েল তা দেখে বিস্মিত হবে।
ইজ্জাদ্দিন আল হাদ্দাদ বলেন, শত্রুরা ভালো কোনো পরিণতি দেখবে না। এটা সর্বজ্ঞ আল্লাহর প্রতিশ্রুতি। আমরা পবিত্র ভূখণ্ডে প্রবেশ করব। আমরা আসছি।
.png)
আরো পড়ুন: ইসলামাবাদের ‘রেড জোনে’ ইমরানের সমর্থকেরা
এমন সময় কাস্সাম ব্রিগেডের এই কমান্ডারের মন্তব্য প্রকাশিত হয়েছে যখন আগামী রোববার আল-কুদসে পতাকা মিছিল করার পরিকল্পনা ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এই মিছিলের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে, গাজার প্রতিরোধ সংগঠনগুলোর একটি সূত্র জানিয়েছে, তেল আবিব মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা ভিত্তিক সংগঠনগুলোর কাছে এই বার্তা পাঠিয়েছে যে পতাকা মিছিলের সময় ইহুদি উপশহরবাসীরা উস্কানিমূলক কোনো তৎপরতা চালাবে না।