ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অ্যাম্বুলেন্স না পেয়ে মেয়ের মরদেহ কোলে নিয়ে বাড়ি ফিরলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ১০ জুন ২০২২
অ্যাম্বুলেন্স না পেয়ে মেয়ের মরদেহ কোলে নিয়ে বাড়ি ফিরলেন বাবা
ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়ে। কিন্তু তাকে বাড়িতে নিতে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি পরিবার। অগত্যা ৪ বছর বয়সী শিশু মেয়ের মরদেহ কোলে করেই বাড়িতে ফিরতে হয় বাবাকে। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

শুক্রবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি

মৃত ওই শিশুটির পরিবার জানিয়েছে, মেয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য গত সোমবার প্রথমে মধ্যপ্রদেশের বক্সওয়াহা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা মঙ্গলবার তাকে পার্শ্ববর্তী দামোহ জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেদিনই মারা যায় শিশুটি।

Advertisement

শিশুটির দাদা মনসুখ আহিরওয়ারের অভিযোগ, মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মীদের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন। কিন্তু তাদের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি  বলেন, অ্যাম্বুলেন্স না পেয়ে আমরা  মরদেহকে একটি কম্বলে মুড়িয়ে বক্সওয়াহার উদ্দেশ্যে একটি বাসে চড়ি। কারণ আমাদের কাছে ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করার জন্য যথেষ্ট টাকা ছিল না।

আরো পড়ুন>> সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াল পাকিস্তান সরকার

মেয়েটির বাবা লক্ষ্মণ আহিরওয়ার জানান, বক্সওয়াহায় পৌঁছানোর পর মরদেহটি পাউদি গ্রাম পর্যন্ত নিয়ে যেতে তারা সেখানকার নগর পঞ্চায়েতকে একটি গাড়ি সরবরাহ করতে অনুরোধ করেন। কিন্তু তারাও কোনো ধরনের গাড়ির ব্যবস্থা করতে অস্বীকার করে।

দামোহ জেলার সিভিল সার্জন ডা. মমতা তিমোরি অবশ্য মৃত মেয়ের পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছেন। এমন ঘটনার জন্য কেউ আসেনি দাবি করে তিনি বলেন,  আমাদের কাছে মৃতদেহ বহন করার গাড়ি আছে। এছাড়াও আমরা রেড ক্রস বা অন্য কোনো এনজিও থেকেও গাড়ির ব্যবস্থা করতে পারি।

ভারতের এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে মধ্যপ্রদেশের সাগর জেলার একজন ব্যক্তিকে তার ভাইয়ের মৃতদেহ স্বাস্থ্যকেন্দ্র থেকে হাতেটানা একটি গাড়িতে করে নিয়ে যেতে হয়েছিল।

এছাড়া একই রাজ্যের ভগবানপুরা খারগোন জেলায় এক গর্ভবতী নারী হাসপাতালে পৌঁছতে না পেরে পথেই মারা যান। তার পরিবারের সদস্যদের অভিযোগ,  সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ভারত মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!