ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মারা গেলো বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ২১ জুলাই ২০২২
মারা গেলো বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক পোষা পান্ডা ‘আন আন’ এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হংকংয়ের একটি চিড়িয়াখানায় ৩৫ বছর বয়সে মারা গেল পুরুষ পান্ডাটি। 

পান্ডাটি হংকংকে উপহার হিসেবে দিয়েছিল চীন। চীনের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয় জায়ান্ট পান্ডা।

বিবিসি জানিয়েছে, ১৯৯৯ সালে হংকংকে দুটি পান্ডা উপহার দিয়েছিল চীন। একটি পুরুষ এবং অন্যটি নারী পান্ডা। পরে দুটিকে হংকংয়ের ওশ্যান পার্কে রাখা হয়। পুরুষ পান্ডাটির নাম রাখা হয় আন আন এবং নারী পান্ডাটির নাম রাখা হয় জিয়া জিয়া। পান্ডা দুটিকে সিচুয়ান থেকে ধরে আনা হয়েছিল।

Advertisement

নারী পান্ডা জিয়া জিয়া ২০১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যায়। সেটি ছিল পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী পান্ডা। প্রায় ছয় বছর পর এসে সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা হিসেবে ৩৫ বছর বয়সে মারা গেল আন আন।

বুনো প্রকৃতিতে পান্ডা সাধারণত গড়ে ২০ বছর বেঁচে থাকে। তবে পোষা বা বন্দি অবস্থায় একটু বেশিই বয়স পায় সুন্দর এ প্রাণীটি।

ওশ্যান পার্ক কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি খাবার-দাবার কম খাচ্ছিল পান্ডাটি। নড়াচড়াও করছিল কম। গত সপ্তাহ থেকে একেবারেই খাচ্ছিল না আন আন। কেবল পানি খেয়ে আর ঝিমিয়ে দিন কাটছিল তার। এতে চিড়িয়াখানার কর্মচারীরা বুঝতে পেরেছিলেন, পান্ডাটির দিন ফুরিয়ে আসছে।

ওশ্যন পার্ক চেয়ারম্যান পাওলো পং বলেন, পান্ডাটি বেশ চতুর ও খেলাধুলায় পটু ছিল। আমাদের দর্শনার্থীদের প্রচুর আনন্দ দিত পান্ডাটি। তাকে খুব মনে পড়বে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!