ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৯, ২৪ জুলাই ২০২২
ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বন্দুক হামলা, নিহত ৩
ফাইল ছবি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বন্দুক হামলায় সাবেক একজন মেয়রসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) এই বন্দুক হামলার ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

স্থানীয় কুইজন সিটির পুলিশ প্রধান রেমাস মেদিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগেকে হত্যার জন্য গুলির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে হামলাকারী পুলিশি জিম্মায় আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মেদিনা।

তিনি বলেছেন, হামলাকারী মেয়রকে হত্যার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন বলে মনে হচ্ছে। তার কাছে দুটি পিস্তল পাওয়া গেছে। কুইজন সিটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অঞ্চলের একটি অংশ। শহরটিতে এক কোটি ৩০ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে।

আরো পড়ুন>> ইরানে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু

মেদিনা বলেছেন, দেশের সবচেয়ে নামকরা অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুল থেকে স্নাতক করেছেন ফুরিগের মেয়ে। সেখানে মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের মঞ্চেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে সন্দেহভাজন হামলাকারীর কোনও স্বজন ছিলেন না। তারপরও তিনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই হামলাকারী দেশটির সশস্ত্র গোষ্ঠী আবু সায়াফের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত বাসিলান প্রদেশের লামিতান শহরের বাসিন্দা।

ম্যানিলা পুলিশ বলছে, অন্য যে দু’জন মারা গেছেন তাদের একজন ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। গোলাগুলির ঘটনার পর অ্যাতেনিও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!