বাংলাদেশে ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশকে ‘উচ্চ ঝূকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে।
অবশ্য বাংলাদেশের পাশাপাশি আরো পাঁচটি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করেছে সংস্থাটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
.png)
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সোমবার ভ্রমণের জন্য তার ‘উচ্চ ঝুঁকি’ বিভাগে ছয়টি দেশকে যুক্ত করেছে। বাংলাদেশ ছাড়াও মধ্য আমেরিকার এল সালভাদর ও হন্ডুরাস। এছাড়া বসনিয়া, হার্জেগোভিনা, পোল্যান্ড ও ফিজিও রয়েছে এই তালিকায়।
করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি ভ্রমণকারীদের জন্য সিডিসি দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে। এগুলো হলো, লেভেল ৩ (উচ্চ ঝুঁকি), লেভেল ২ এবং লেভেল ১।
এর আগে, করোনা সংক্রমণের পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় সিডিসি বিশ্বের দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করেছিল। এগুলো হলো- নিম্ন, মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ। তবে ভ্রমণকারীদের জন্য কোভিড-১৯ মহামারির ঝুঁকি মূল্যায়নের জন্য সিডিসি নিজের রেটিং সিস্টেমকে সংশোধন করার পরে গত এপ্রিলে ঝুঁকি স্তরের দিক থেকে লেভেল ৩ শীর্ষস্থানে উঠে আসে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লেভেল ৩ ক্যাটাগরিতে এমন দেশগুলোকে যুক্ত করা হয় যেখানে গত ২৮ দিনে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া লেভেল ২ এবং লেভেল ১ যথাক্রমে ‘মধ্যম’ এবং ‘নিম্ন’ ঝুঁকি হিসাবে বিবেচিত হয়।
আরো পড়ুন: প্লেনের খাবারে পাওয়া গেলো সাপের মাথা!
প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুলাই পর্যন্ত ভ্রমণের গন্তব্য হিসেবে লেভেল ৩ ক্যাটাগরিতে ১২০টিরও বেশি নাম রয়েছে। মোটামুটি সিডিসির তালিকায় থাকা ২৩৫টি গন্তব্যের প্রায় অর্ধেকই উচ্চ ঝুঁকির এই ক্যাটাগরিতে রয়েছে।
সিডিসির লেভেল ৩ ক্যাটাগরিতে রয়েছে- ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্য। এমনকি ইউরোপের বাইরের আরও অনেক দেশ রয়েছে এই ক্যাটাগরিতে। যার মধ্যে রয়েছে- ব্রাজিল, কানাডা, কোস্টারিকা, মালয়েশিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও তুরস্ক।
সিডিসি পরামর্শ দিয়েছে যদি কেউ লেভেল ৩ ক্যাটাগরির দেশগুলো ভ্রমণ করতে চায়, তাহলে তিনি যেন কোভিড -১৯ ভ্যাকসিনের সঙ্গে আপ টু ডেট হন। আপ টু ডেট হওয়ার অর্থ হল শুধুমাত্র প্রাথমিক টিকাই নিয়েছেন এমন নয় বরং আপনি পাওয়ার যোগ্য এমন বুস্টার ডোজও নিয়েছেন।