ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চকলেটের স্বাদ পরীক্ষার চাকরি, বেতন পৌনে এক কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ২ আগস্ট ২০২২
চকলেটের স্বাদ পরীক্ষার চাকরি, বেতন পৌনে এক কোটি টাকা
ছবি: সংগৃহীত

চকলেট বা ক্যান্ডি কি আপনার পছন্দ? মিষ্টি জাতীয় খাবার দেখলেই কি আপনার মুখে পানি চলে আসে? যদি আপনাকে চকলেট, ক্যান্ডি বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিয়ে বছরে পৌনে এক কোটি টাকা বেতন দেওয়া হয় তখন আপনি কি করবেন? শখ ও অর্থ যদি একসঙ্গে আপনাকে মুগ্ধ করে তবে কানাডার একটি কোম্পানি বিশেষ এক চাকরিতে লোক নিয়োগ দিচ্ছে। আর এ সুযোগটি অনায়াসে মিষ্ট্রিপ্রেমী আপনি কাজে লাগাতে পারেন। 

সম্প্রতি চিফ ক্যান্ডি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডার অন্টারিওভিত্তিক কোম্পানি ক্যান্ডি ফানহাউস। 

বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, চকলেট ও ক্যান্ডি পছন্দ করা মানুষকেই তারা খুঁজছে। এতে কোম্পানিটি বার্ষিক বেতন দেবে এক লাখ কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৭৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মস্থল হতে পারে নিজ আবাসস্থল, কানাডা অথবা নিউ জার্সি অফিস। চিফ ক্যান্ডি অফিসারের প্রধান কাজ হবে কোম্পানিতে তৈরিকৃত চকলেট ও ক্যান্ডির স্বাদ পরীক্ষা করা। তিনি সেগুলোর স্বাদ পরীক্ষা করে ছাড়পত্র দিলেই তা বাজারজাত করা হবে। ক্যান্ডি অফিসারকে মাসে গড়ে সাড়ে তিন হাজার পণ্যের স্বাদ পরীক্ষা করতে হবে। প্রতিদিন গড়ে প্রায় ১১৩টি ক্যান্ডির স্বাদ পরীক্ষা ছাড়াও দায়িত্ব রয়েছে তার। ক্যান্ডি নিয়ে পরিকল্পনা ও কৌশল নির্ধারণে ফানহাউস নামের একটি বিভাগের নেতৃত্বের প্রধান হবেন তিনি। এছাড়া তার নেতৃত্বে ক্যান্ডি বোর্ড সভা হবে। কোন পণ্য বাজারজাত হবে তারও নির্ধারণ করবেন তিনি।

এ পদে পাঁচ বছরের ওপরে যেকোনো বয়সী মানুষ আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে, আবেদনকারীকে উত্তর আমেরিকার যেকোনো দেশের বাসিন্দা হতে হবে। তবে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। এছাড়া চিফ ক্যান্ডি অফিসার পদে যিনি নিয়োগ পাবেন তিনি দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে সব বিষয়ে ধারণা পাবেন। এ পদে লিংকডইনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার মানুষ আবেদন করেছেন। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। তবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা দীর্ঘ। কারণ অনেক কিছুই যাচাই-বাছাই করার পর চূড়ান্ত করা হয় প্রার্থী । তাই নিয়োগের সময় বেশি লাগবে বলে জানিয়ে দিয়েছে  কোম্পানিটি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!