ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন ছাড়ছে আরো ৩ শস্যবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ৫ আগস্ট ২০২২
ইউক্রেন ছাড়ছে আরো ৩ শস্যবাহী জাহাজ
ফাইল ছবি

ইউক্রেনের বন্দরগুলো থেকে শস্যবাহী আরো তিনটি জাহাজ ছেড়ে যাওয়ার অনুমতি পেয়েছে। জাহাজ ৩টিতে ৫৮ হাজার ৪১ টন ভুট্টা আছে।

শস্য রপ্তানি চালুতে স্বাক্ষরিত চুক্তির অধীনে শুক্রবার (৫ আগস্ট) এই অনুমোদন দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর গত সোমবার ওডেসা বন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে প্রথম শস্যবাহী জাহাজ ছেড়ে যায়। গত ২২ জুলাই তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের স্বাক্ষরিত নিরাপদ চলাচল চুক্তির অধীনে এ অনুমোদন দেওয়া হয়।

Advertisement

রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের কর্মকর্তাদের নিয়ে ইস্তাম্বুলে স্থাপিত যৌথ সমন্বয় কেন্দ্র জানিয়েছে, আজ চোরনোমরস্ক থেকে দুটি ও ওদেসা বন্দর থেকে একটি জাহাজ ছেড়ে যাবে। স্থানীয় সময় সকালে নিজ নিজ বন্দর থেকে বহির্গামী এই তিনটি জাহাজ যাত্রা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চোরনোমরস্ক থেকে ‘পোলারনেট’ নামের একটি জাহাজ ১২ হাজার টন ভুট্টা নিয়ে তুরস্কের কারাসুর উদ্দেশে আর ‘রোজেন’ ১৩ হাজার ৪১ টন ভুট্টা নিয়ে ব্রিটেনের টিসপোর্ট বন্দরের উদ্দেশে রওনা হবে। এ ছাড়া ওদেসা থেকে ৩৩ হাজার টন ভুট্টা নিয়ে আয়ারল্যান্ডের রিঙ্গাস্কিডির উদ্দেশে রওনা হবে জাহাজ ‘নাভিস্টার’।

আরো পড়ুন>> সন্তানের জন্ম দিলেন স্বামী, খুশিতে আত্মহারা স্ত্রী!

এদিকে, ওদেসার আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী তুর্কি বাল্ক ক্যারিয়ার ‘ওসপ্রে এস’ আজ ইউক্রেনের চোরনোমরস্ক বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধের মধ্যে এই প্রথম কোনো জাহাজ কোনো ইউক্রেনের বন্দরে ভিড়তে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল নাগাদ বসফরাস পাড়ি দিতে অপেক্ষমাণ অন্য জাহাজগুলোর সঙ্গে ইস্তাম্বুলের এশীয় উপকূল থেকে এক কিলোমিটার দূরে মারমারা সাগরে অবস্থান করছিল ‘ওসপ্রে এস’।

ইউক্রেন ও রাশিয়া বিশ্বের এক–তৃতীয়াংশ গম উৎপাদন করে থাকে। রাশিয়া ইউরোপে মূল গ্যাস সরবরাহকারী। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করলে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহ দেখা দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!