এবার যুক্তরাষ্ট্রে যেতে গ্রিন কার্ডের আবেদন করলেন গোতাবায়া
তীব্র বিক্ষোভ-প্রতিবাদের মুখে নিজের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য গ্রিন কার্ড পেতে তৎপরতা শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শ্রীলংকাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর।
প্রতিবেদনে বলা হয়, সেখানে তিনি স্ত্রী ও পুত্রকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান।
.png)
সূত্র জানিয়েছে, গত মাস থেকেই যুক্তরাষ্ট্রে গোতাবায়া রাজাপাকসের আইনজীবীরা তার গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদনপ্রক্রিয়া শুরু করেন। গোতাবায়ার স্ত্রী আইয়োমা রাজাপাকসে মার্কিন নাগরিক। স্ত্রীর সূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার যোগ্যতা রয়েছে তার। প্রক্রিয়াটি এগিয়ে নিতে কলম্বোয় তার আইনজীবীরা অন্য যেসব নথি প্রয়োজন হবে সেগুলো গোছাতে কাজ করছেন।
গোতাবায়া রাজাপাকসে বর্তমানে স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছেন। ২৫ আগস্ট তিনি শ্রীলংকা ফিরবেন বলে জানিয়েছেন। এর আগে তিনি থাইল্যান্ডে নভেম্বর মাস পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলেন। তবে সে পরিকল্পনা বাতিল করেছেন তিনি।
আরো পড়ুন>> বিকট শব্দে হঠাৎ ভেঙে পড়লো ব্রিজ!
সূত্র বলেছে, দুই দিন আগে আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ মাসের শেষ দিকে শ্রীলংকা ফিরে আসার সিদ্ধান্ত নেন গোতাবায়া রাজাপাকসে। প্রাথমিকভাবে তিনি থাইল্যান্ডে মুক্তভাবে ঘোরার আশা করেছিলেন। কিন্তু নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে থাইল্যান্ড সরকার তাকে বাইরে যেতে নিষেধ করেছে। এ ছাড়া তার নিরাপত্তার জন্য থাইল্যান্ডের স্পেশাল ব্রাঞ্চ ব্যুরোর নিরাপত্তা কর্মকর্তারা সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দেশটির সরকারি কর্মকর্তারা গোতাবায়াকে হোটেলের মধ্যেই থাকতে নির্দেশ দিয়েছেন। প্রতিশ্রুতিমতো স্বাধীনতা না পেয়ে গোতাবায়া তার পরিকল্পনা বদল করছেন।
এদিকে শ্রীলংকায় ফিরলে গোতাবায়াকে সরকারি বাসভবন ও নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করবে রনিল বিক্রমাসিংহের মন্ত্রিসভা। গত মাসে তীব্র বিক্ষোভের মুখে রাজাপাকসে দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপ যান। সেখান থেকে পরে তিনি মেডিকেল ভিসা নিয়ে সিঙ্গাপুরে যান। দুবার তার ভিসার মেয়াদ বাড়ানো হয়। এরপর সিঙ্গাপুর আর তার ভিসার মেয়াদ না বাড়ানোয় সস্ত্রীক থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন গোতাবায়া। তৃতীয় কোনো গন্তব্য নির্ধারণ না করা পর্যন্ত সেখানে তার থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।