রাষ্ট্রদ্রোহের অভিযোগে ‘হিরো অফ ইউক্রেন’ আটক
‘হিরো অফ ইউক্রেন’ খেতাব পাওয়া দেশটির এক ধনকুবের ও সাবেক আইনপ্রণেতা ব্যাচেস্লাভ বোগুস্লায়েভকে আটক করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) রাষ্ট্রদ্রোহের অভিযোগে জাপোরোজিয়ে অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা আরটি।
.png)
খবরে বলা হয়েছে, আটকের পর ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বোগুস্লায়েভকে কিয়েভে নিয়ে গেছে। রুশপন্থি মনোভাবের কারণে গত কিছুদিন ধরেই তাকে খুঁজছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। দোষ প্রমাণ হলে বোগুস্লায়েভের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
‘ইউক্রেন নিজেদের বীরদের ধ্বংস করেছে’- এমন মন্তব্য করে জাপোরোজিয়ে অঞ্চলের রুশ প্রশাসনের প্রধান কাউন্সিলর সদস্য ভ্লাদিমির রোগভ বোগুস্লায়েভকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার দুটি ছবিও প্রকাশ করেছেন টেলিগ্রামে।
আরো পড়ুন>> কোরীয় উপকূল সীমান্তে গোলাগুলি, দুই দেশের মধ্যে উত্তেজনা
জাপোরোজিয়েভিত্তিক গ্যাস টারবাইন ও বিমানের ইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানি মোটর সিচের প্রধান হচ্ছেন ব্যাচেস্লাভ বোগুস্লায়েভ। ২০০০ সালে গার্হস্থ্য প্রকৌশলের বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিরো অফ ইউক্রেন’ খেতাব পান তিনি।
এ ছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সহযোগিতা জোরদারে অবদানের জন্য ২০০৪ সালে রাশিয়ান অর্ডার অফ ফ্রেন্ডশিপসহ এক ডজনের বেশি পুরষ্কার পেয়েছেন তিনি।