ইউরোপে রুশ সম্পত্তি বাজেয়াপ্ত করলে প্রতিশোধ নেবে রাশিয়া
ইউরোপের বিভিন্ন দেশে থাকা রাশিয়ার রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করলে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুঁশিয়ারি দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে রাশিয়ার রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি রয়েছে। সেগুলো বাজেয়াপ্ত করে বিক্রির পর ইউক্রেনকে সহায়তার কথা বলছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
.png)
বাজেয়াপ্তের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এটি হবে চুরি।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে রাশিয়ার সম্পদ রক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছে জোটটির বিচার বিভাগ।
এর আগে, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর ইউরোপের বিভিন্ন ব্যাংকে জমা থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, সরকারি-বেসরকারি কোম্পানি ও রুশ ব্যবসায়ীদের অর্থ জব্দ করে ইউরোপের বিভিন্ন দেশ। সেই অর্থ থেকে এখন ইউক্রেনকে সহায়তা দিতে চাইছেন ইউরোপীয় নেতারা।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অঙ্গ সংগঠন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, ইউক্রেনকে পুনর্গঠন ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য রাশিয়ার জব্দকৃত অর্থ ব্যবহারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।
ইউরোপীয় নেতারা এ ব্যাপারটি ইইউর প্রধান কার্যনির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশনে এ ব্যাপারটি লিখিত প্রস্তাবনা আকারে উত্থাপনের প্রস্তুতি নিচ্ছেন বলেও উল্লেখ করেছেন মিশেল।
গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনীর বিশেষ অভিযানের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমারা। সেই নিষেধজ্ঞার অংশ হিসেবে প্রথমে জব্দ করা হয় ইউরোপের বিভিন্ন দেশের ব্যাংকে জমা থাকা রাশিয়ার ৩০ হাজার কোটি ডলার। এ অর্থের মধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব রাশিয়া’র অর্থ যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন রুশ কোম্পানি ও ব্যবসায়ীদের অর্থও। তবে জব্দ করা হলেও আইনত এ অর্থ এখনো রাশিয়া ও তার নাগরিকদের। যদি এ অর্থ ইউক্রেন বা অন্য কোনো খাতে ব্যয় করতে চান ইউরোপীয় নেতারা, তবে প্রথমে তা বাজেয়াপ্ত করতে হবে।