ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এক মাসে ৩২ লাখ বিয়ে, চাঙ্গা হবে ভারতের অর্থনীতি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ১১ নভেম্বর ২০২২
এক মাসে ৩২ লাখ বিয়ে, চাঙ্গা হবে ভারতের অর্থনীতি!
ফাইল ফটো

চলে এসেছে শীতকাল। চারদিকে চলছে বিয়ের আলাপ। ঠিক হচ্ছে দিনক্ষণ। বুকিং হচ্ছে কমিউনিটি সেন্টার। বর-কনের পক্ষ থেকে করা হচ্ছে শপিং। ভারতে বিয়ের মৌসুম হিসেবে পরিচিত নভেম্বর মাসে ৩২ লাখ বিয়ের পূর্বাভাস মিলেছে। এতে ব্যবসা হবে আনুমানিক ৩ দশমিক ৭৫ লাখ কোটি রুপি।

ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, ভারতে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। চলবে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত।

Advertisement

সিএআইটি প্রত্যাশা, এ এক মাসে প্রায় ৩২ লাখ বিয়ে হবে। এর মধ্যে দিল্লিতেই হবে সাড়ে তিন লাখের বেশি। যাতে ব্যয় হবে প্রায় ৭৫ হাজার কোটি রুপি।

জরিপ অনুযায়ী, এবারের মৌসুমে তিন লাখ রুপি খরচ হতে পারে এমন বিয়ে হবে প্রায় পাঁচ লাখ, পাঁচ লাখ রুপি খরচের বিয়ে হবে ১০ লাখ ও ১০ লাখ রুপি খরচ হতে পারে এমন বিয়ে হবে অন্তত ১০ লাখ। একেকটি বিয়েতে ২৫ লাখ রুপি খরচ হবে, এমন বিয়ের সংখ্যা দাঁড়াতে পারে পাঁচ লাখে, ৫০ হাজারের বেশি বিয়ে হবে যেখানে খরচ হবে ৫০ লাখ করে। আরো ৫০ হাজার বিয়েতে একেকটিতে খরচ এক কোটি রুপি বা তারও বেশি হতে পারে।

বিয়ের প্রতীকী ছবি

সব মিলিয়ে এবারের বিয়ের মৌসুমে ভারতে ৩ দশমিক ৭৫ লাখ কোটি রুপির ব্যবসা হবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। গত বছর একই সময়ে দেশটিতে প্রায় ২৫ লাখ বিয়ে হয়েছিল। এতে খরচ হয়েছিল অন্তত তিন লাখ কোটি রুপি। 

ভারতে বিয়ের পরবর্তী মৌসুম শুরু হবে আগামী বছরের ১৪ জানুয়ারি, চলবে জুলাই মাস পর্যন্ত।

সিএআইটি বলেছে, বিয়ের মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকায় প্রস্তুতি নিতে শুরু করেছেন সারাদেশের ব্যবসায়ীরা। ক্রেতাদের সম্ভাব্য ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা।

সংগঠনটি জানিয়েছে, বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতা, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজার সামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহার সামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে।

এছাড়া তাঁবু সাজানো, ফুলের সাজসজ্জা, ক্রোকারিজ, ক্যাটারিং, ভ্রমণ সেবা, ক্যাব সেবা, স্বাগত জানানো পেশাদার দল, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, অর্কেস্ট্রা, ডিজে, শোভাযাত্রার জন্য ঘোড়া, ওয়াগনসহ নানা ধরনের বড় ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে ব্যাংকুয়েট হল, হোটেল, উন্মুক্ত লন, কমিউনিটি সেন্টার, পার্ক, ফার্ম হাউসের মতো জায়গাগুলোও বিয়ের অনুষ্ঠানের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!